ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের নীতিনির্ধারক মহল থেকে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে জোর দেওয়া হলেও তৃণমূল পর্যায়ের নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম।
শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সম্মেলনস্থল ঘুরে দেখা গেছে নারী কাউন্সিলর ও প্রতিনিধিদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় অনেক কম। প্রতি ১০ জন পুরুষ প্রতিনিধির পাশাপাশি এসেছেন একজন নারী প্রতিনিধি ।
কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী ভাষণে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাজনীতিতে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করে বলেন, "আওয়ামী লীগ নারীদেও উন্নয়নে কাজ করছে। আওয়ামী লীগের কেবিনেটে অনেক নারী মন্ত্রী রয়েছেন। ভবিষ্যতে নারী স্পিকার, ডেপুটি স্পিকার নিয়োগের চিন্তা করছি । আর ৬০ বছরের বেশি মহিলাদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও বাসে-ট্রেনে বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে। আওয়ামী লীগের গত শাসনামলে প্রণীত নারী উন্নয়ন নীতিমালা পুনরায় বাস্তবায়ন করা হবে।"
প্রধানমন্ত্রীর এ ঘোষণা আশাব্যঞ্জক হলেও সম্মেলনস্থলে নারীদের উপস্থিতি ছিল অনেক কম। উপস্থিত নারীদে মধ্যে অধিকাংশই ছিলেন রাজধানীর। তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন।
কাউন্সিলর ও প্রতিনিধি হিসেবে ঢাকার বাইরে থেকে আসা নারীর সংখ্যা ছিল অনেক কম।
৩০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মাদারীপুরের তাহমিনা সিদ্দিকা। গত ১৩ বছর ধরে জেলার কালকিনি উপজেলা আওয়ামীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। কিন্তু ১১ সদস্যের মধ্যে তিনিই একমাত্র নারী।
তিনি বলেন, "রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে তাদের আরও সচেতন করতে হবে। এমনিতেই বাংলাদেশের নারীরা সামাজিকভাবেই কম সচেতন। তাদের রাজনৈতিকভাবে সচেতন করতে পারলে তারা রাজনীতিতে সক্রিয় হবে। আর রাজনীতিতে সক্রিয় হলে তারা তাদের অধিকার বিষয়ে সচেতন হবে। তখন পারিবারিক নির্যাতন, যৌতুকসহ নারীদের অনেক সমস্যার সমাধান হবে। এ বিষয়গুলো নারীদের বোঝাতে হবে"
চট্টগ্রামের লোহাগাড়া থেকে কাউন্সিলর হিসেবে সম্মেলনে এসেছেন এ্যাডভোকেট কামরুন্নাহার। তিনি চট্টগ্রাম দক্ষিণের মহিলা আওয়ামী লীগের আইন সম্পাদিকা।
তিনি জানান, চট্টগ্রাম থেকে সম্মেলনে আসা ৩০০ জন কাউন্সিলর ও প্রতিনিধির মধ্যে নারী মাত্র ৩০ জন। এর আগে ২০০২ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলেও তিনি অংশ নিয়েছিলেন।
যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইসমত আরা সাদেক কাউন্সিলর হিসেবে সম্মেলনে যোগ দেন। তিনি জানান, কেশবপুর উপজেলা থেকে আসা তিনিই একমাত্র নারী। দীর্ঘদিন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন।
তার স্বামী বিগত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী প্রয়াত এএইচএসকে সাদেক। তার উৎসাহে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24