ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে স্বাধীন বাংলা সুপার মার্কেটে গুলি করে খুনের ঘটনায় বৃহস্পতিবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলো- রফিকুল ইসলাম রনি (২৫), মনির হোসেন মোল্লা (২৭), শাহিন খান (২৫) ও নজরুল ইসলাম (৩০)।
র্যাব দাবি করেছে, এই চারজন মার্কেটে গুলিবর্ষণকারী পেশাদার খুনী (কিলার)।
গত ১৩ জুলাই 'স্বাধীন বাংলা সুপার মার্কেটে' সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে একজন নিহত ও আটজন আহত হন। মার্কেটে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী শাহাদাতের সহযোগীরা এ ঘটনা ঘটায়।
র্যাব-৪ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার কানিজ হোসেন জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সাভারের সাতক্ষীরা থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালিয়ে এ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানিয়েছে, হামলার তিনমাস আগে শাহাদাতের সহযোগী রাজুর মধ্যস্থতায় রনি, জীবন, মনির ও বাবু মিরপুরের দিয়াবাড়ী বটতলায় একটি বৈঠক করে। শাহাদাত বাহিনী ওই মার্কেটটির নিয়ন্ত্রণকারী ছাত্রলীগ নেতা আনায়ার হোসেন লিটুর কাছে চাঁদা দাবি করলে লিটু তা দিতে অস্বীকার করে। এরপর তারা লিটুকে হত্যার পরিকল্পনা করে।
৫ জুলাই রনিকে একটি রিভলবার ও দু'টি পিস্তল দেয় রাজু। বাকী অস্ত্রের ব্যবস্থা বাবু করবে বলে ঠিক হয়। এভাবে মোট আটজনের কাছে ৯টি আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয়। ঘটনার দিন সকালে জীবন, মনির, আশিক, সোহেলসহ আরও ২জন ভাড়াটে খুনী মার্কেটের সামনে অবস্থান নেয়। মার্কেটের সামনে বসে থাকা লিটুকে লক্ষ্য করে প্রথম গুলি করে জীবন। এর পরেই আশিক, সোহেল, রনি ও মনির এলোপাতাড়ি গুলি করা শুরু করে। শাহীন ও নজরুলসহ আরও ৩-৪জন সন্ত্রাসী তাদের ব্যাকআপ হিসেবে কাজ করে।
এ ঘটনায় মিরপুরের স্থানীয় কিছু পেশাদার খুনীসহ যশোর ও সাতক্ষীরা থেকে খুনী ভাড়া করে আনা হয় বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২২৫০ ঘ.
bdnews24