২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপায় এরশাদ ও রুহুল আমিন পুনর্র্নিবাচিত

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে এইচ এম এরশাদ এবং মহাসচিব পদে রুহুল আমিন হাওলাদার পুনর্র্নিবাচিত হয়েছেন। তারা শুক্রবার জাতীয় পার্টির কাউন্সিলে সর্বসম্মতভাবে পুনর্র্নিবাচিত হন। এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকেই চেয়ারম্যানের দায়িত্বে আছেন। রুহুল আমিন এ নিয়ে দ্বিতীয়বার মহাসচিব নির্বাচিত হলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 11:16 AM

Updated : 07 Jul 2022, 06:40 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান পদে এইচ এম এরশাদ এবং মহাসচিব পদে রুহুল আমিন হাওলাদার পুনর্র্নিবাচিত হয়েছেন।

তারা শুক্রবার জাতীয় পার্টির কাউন্সিলে সর্বসম্মতভাবে পুনর্র্নিবাচিত হন। এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকেই চেয়ারম্যানের দায়িত্বে আছেন। রুহুল আমিন এ নিয়ে দ্বিতীয়বার মহাসচিব নির্বাচিত হলেন।

কাউন্সিল অধিবেশন শেষে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম মসিহ বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাউন্সিলের কর্ম অধিবেশনে চেয়ারম্যান হিসেবে এরশাদ ও মহাসচিব হিসেবে রুহুল আমিন হাওলাদারের নাম প্রস্তাব করার পর অন্য কোনও প্রার্থী না থাকায় তাদের সর্বসম্মতভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ওই সময়ে কাউন্সিলররা করতালি দিয়ে এরশাদকে অভিনন্দন জানান।"

সর্বশেষ ২০০৫ সালে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ছয়বার জাতীয় পার্টির কাউন্সিল হয়েছে।

রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র ২৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতে একরকম তড়িঘড়ি করে এই বিশেষ কাউন্সিল করছে জাতীয় পার্টি।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুক্রবার সকালে এরশাদ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের সপ্তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে এরশাদ আমৃত্যু জাতীয় পার্টির চেয়ারম্যান থাকার ইচ্ছার কথা প্রকাশ করেন।

সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, "ওয়ান-ইলেভেনের সময় প্রথমে মাইনাস-২ ও পরে মাইনাস-৩ ফর্মুলা প্রয়োগের চেষ্টা প্রতিহত করতে কৌশলগত কারণে আমি সরে দাঁড়িয়ে জাতীয় পার্টিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছিলাম।

"কিন্তু এখন দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রয়োজন নেই। আজ থেকে জাতীয় পার্টিতে আর কোনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবে না।"

জরুরি অবস্থার সময় আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

আগামীতে এককভাবে সরকার গঠনের সামর্থ্য অর্জনের জন্য দলকে সংগঠিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান এরশাদ।
একইসঙ্গে ঢাকা মহানগরকে প্রয়োজনে দুই অথবা চার ভাগে বিভক্ত করে সংগঠন শক্তিশালী করার কথাও বলেন তিনি।

জাপা চেয়ারম্যান প্রাদেশিক সরকার প্রতিষ্ঠা, উপজেলা ব্যবস্থা শক্তিশালী ও নারী আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সিলেট থেকে আনা দুটি হাতি ও ভারতের পাঞ্জাব থেকে আনা ৪টি ঘোড়ার বহরসহ বাদ্যের সঙ্গে সঙ্গে এরশাদকে মৎস্য ভবন থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন প্রাঙ্গণে এরশাদকে নিয়ে যাওয়া হয়।

কাউন্সিলের মূল মঞ্চে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমদ, আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের, মাহববুর রহমান, টি আই ফজলে রাব্বী, জিয়াউদ্দিন বাবলু প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে মিলনায়তন নেতা-কর্মীদের ভিড়ে পরিপূর্ণ ছিল। এছাড়া মিলনায়তনের বাইরেও প্যান্ডেল টাঙিয়ে এবং বড় স্ক্রিনে পুরো অনুষ্ঠানটি দেখানোর ব্যবস্থা ছিল।

সারাদেশ থেকে ১১ হাজার ৬৭২ জন কাউন্সিলর এবং ২৩ হাজার ডেলিগেট এবারের কাউন্সিলে অংশ নেন বলে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১৮১৫ ঘ.