২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় মর্যাদা ও মানুষের ভালবাসায় হেনা দাসের বিদায়

রাষ্ট্রীয় মর্যাদা ও সর্বস্তরের মানুষের ভালবাসায় বিদায় নিলেন প্রবীণ নেত্রী হেনা দাস। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সবার শ্রদ্ধা জানানোর পর নারায়ণগঞ্জে তার শেষকৃত্য হয়েছে। (আরও তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় মর্যাদা ও সর্বস্তরের মানুষের ভালবাসায় বিদায় নিলেন প্রবীণ নেত্রী হেনা দাস। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সবার শ্রদ্ধা জানানোর পর নারায়ণগঞ্জে তার শেষকৃত্য হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে হেনা দাসের লাশ নিয়ে যাওয়া হয়। এর আগে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কম্যুনিস্ট পার্টি, সেগুনবাগিচায় কলেজ শিক্ষক সমিতি এবং মহিলা পরিষদের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত নেত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠনও ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানায়। কম্যুনিস্টি পার্টির নেতা মঞ্জুরুল আহসান খান এসময় বলেন, "হেনা দাস শুধু যে একটি দলের নেতা ছিলেন তা নয়। তিনি সারা দেশের স্বাধীনতাকামী সচেতন মানুষের অন্তরের নেতা ছিলেন। লড়াই-সংগ্রামের এমন কোনো জায়গা নেই যেখানে তিনি আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি আদায় করেননি। চা বাগানের শ্রমিক আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোলন পর্যন্ত সর্বস্তরেই তিনি মুক্তিদাত্রী পথপ্রদর্শক ছিলেন।" আবেগাপ্লুত হয়ে পড়া ড. কামাল হোসেন বলেন, "শতাব্দীর ইতিহাসের একটি মাইলফলকের আজ অন্তিম যাত্রা হলো। কিন্তু তিনি রেখে গিয়েছেন তার আদর্শ। সে অনুযায়ীই নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে।" সবশেষে হেনা দাসকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাকে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থেকেও গার্ড অব অনার দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, দুপুর আড়াইটায় হেনাদাসের মরদেহ ঢাকা থেকে নারায়ণগঞ্জে আনা হয়। প্রথমে মরদেহ নেওয়া হয় শহরের আমলাপাড়ায় তার দীর্ঘদিনের কর্মক্ষেত্র নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখানে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে কিছুক্ষণের জন্য হেনাদাসের মরদেহ নারায়ণগঞ্জ জেলা সিপিবি ও মহিলা পরিষদ কার্যালয়ে রাখা হয়। দুপুর সাড়ে ৩টায় শহরের চাষাড়ায় অবস্থিত কেন্দ্র্রীয় পৌর শহীদ মিনারে মরদেহ নিয়ে যাওয়া হয়। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ শেষবারের মত হেনাদাসকে দেখার জন্য ভিড় জমায়। এরপর তার মরদেহ শহরের মাসদাইর এলাকায় অবস্থিত পৌর শ্মশান ঘাটে নেওয়া হয়। সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। শেষকৃত্যানুষ্ঠানে হেনাদাসের দুই মেয়ে ডা. দীপা, জার্মান প্রবাসী চম্পাসহ আত্মীয়স্বজন এবং সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান, প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সিপিবি-র শোক দিবস পালন হেনা দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিপিবি বৃহস্পতিবার সারা দেশে শোক দিবস পালন করেছে। এ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএসবি/এসকে/২২০২ঘ.