সিলেট, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতি শেষে পালানোর সময় সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর গ্রামে জনতার পিটুনিতে একজন নিহত হয়েছে। অন্যদিকে ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে এক ব্যাংক কর্মকর্তার বাড়ি থেকে ডাকাতরা ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তাদের একজন জনতার হাতে ধরা পড়ে।
ডাকাতদের হামলায় আহত গৃহকর্তা বিশ্বজিত গুন (৪০), গৌতম দেব (২৫) ও জয় দেবকে (৪০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম জানান, গভীর রাতে আলমপুরের গ্রামের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্মকর্তা বিশ্বজিত গুণের বাড়িতে ছয়জন ডাকাত হানা দেয়। স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাবার সময় জনতা কুতুব উদ্দিন (৪০) নামের এক ডাকাতকে ধরে গণধোলাই দিলে সে গুরুতর আহত হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বুধবার ভোরে সে মারা যায়।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24