২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ইসলামী ছাত্রী সংস্থার দু'জনসহ তিন নারীর জামিন

পিরোজপুরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ইসলামী ছাত্রী সংস্থার দুই সদস্যসহ তিনজনের জামিন মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

পিরোজপুর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ইসলামী ছাত্রী সংস্থার দুই সদস্যসহ তিনজনের জামিন মঞ্জুর করেছে আদালত। হাইকোর্টের নির্দেশে বুধবার পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মদিনা বেগম এ আদেশ দেন। আগামী ৩ আগস্ট পর্যন্ত তাদের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। গত ৩ জুলাই জেলার জিয়ানগর উপজেলার বালিপাড়া সিনিয়র মাদ্রাসা থেকে জঙ্গি সন্দেহে ইসলামী ছাত্রী সংস্থার সদস্য সৈয়দা ফৌজিয়া আক্তার, জেসমিন নাহার ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা জামায়াত নেতার মেয়ে তানিয়া আক্তারকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৫ জুলাই তাদের ঢাকায় টিএফআই সেলে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে আসামিদের সঙ্গে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) বা অন্য কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক অমর সিংহ আদালতে আসামিদের মামলা থেকে অব্যহতি দেওয়ার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করে ১ আগস্ট। এরপর আসামিরা হাইকোর্টে রিট আবেদন করলে হাইকোর্ট পিরোজপুর জেলা ও দায়রা জজকে ২২ জুলাই এর মধ্যে জামিনের বিষয়টি বিবেচনার আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.