২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিনাকের মন্তব্য অসঙ্গতিপূর্ণ: পররাষ্ট্র মন্ত্রণালয়

'প্রতি বছর প্রায় ২৫ হাজার বাংলাদেশী বৈধ ভিসায় ভারত গিয়ে আর দেশে ফিরে আসেনা'- ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'প্রতি বছর প্রায় ২৫ হাজার বাংলাদেশী বৈধ ভিসায় ভারত গিয়ে আর দেশে ফিরে আসেনা'- ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ভারতীয় হাই কমিশনারের ওই মন্তব্যের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ ব্যাপারে সরকারের কাছে যে তথ্য রয়েছে তার সঙ্গে হাইকমিশনারের ওই মন্তব্য সঙ্গতিপূর্ণ নয়। ভারতে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সেদেশে বাংলাদেশীদের থেকে যাওয়ার বিষয়ে ভারত সরকার বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মুখপাত্র আরো বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমাত্রিক এবং তা অনেক গভীরে প্রোথিত। উভয় দেশ সব ইস্যুই সংলাপের মাধ্যমে নিষ্পত্তিতে বিশ্বাস করে। সোমবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত 'বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক' শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, "আমরা জানি প্রায় ২৫ হাজার বাংলাদেশী প্রতি বছর বৈধ ভিসায় ভারত যাওয়ার পর আর দেশে ফেরত আসেনা। আর অবৈধভাবে যারা ঢুকেছে তাদের সংখ্যা আরো বেশি।" তিনি আরো বলেন, "অবৈধ অভিবাসনের বিষয়ে আমাদের উদ্বেগকে নাকচ করে দেওয়া যাবেনা। এ অঞ্চলে সন্ত্রাসবাদ বেড়ে যাওয়ায় নিরাপত্তার বিষয়টি ভারত সরকারের জন্য একটি বড়ো উদ্বেগ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/১৭৫০ ঘ.