মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হল বাংলাদেশ। বুধবার সকাল ৬টা থেকে চাঁদের আড়ালে সূর্য ঢাকা পড়তে থাকে। চাঁদের ছায়ামুক্ত হয়ে সূর্য আবার হেসেছে সকাল ৯টা ৫ মিনিটে। বাংলাদেশ থেকে আবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ১০৫ বছর পর, তাই এ নিয়ে ছিল অনেক আগ্রহ আর কৌতূহল। মোটামুটি সারাদেশ থেকে সূর্যগ্রহণ দেখা গেলেও উত্তরাঞ্চলের কয়েকটি স্থান থেকে পূর্ণ গ্রহণ দেখা যায়।
পূর্ণগ্রাস গ্রহণের স্থায়িত্ব ছিল ৩ মিনিট ৫৮ সেকেন্ড। শুধু দিনাজপুর ও লালমনিরহাট জেলা দুটির উত্তরাংশে এবং পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা দুটিতে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। এটি ছিল এক বিংশ শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ। বিশ্বের সবচেয়ে জনবসতিপূর্ণ দুই দেশ চীন ও ভারত থেকেও এই সূর্যগ্রহণ দেখা যায়।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে সারাদেশে ২৪টি স্থানে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়। এ আয়োজনের সঙ্গী ছিল অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। জোতির্বিজ্ঞানের অভাবনীয় এই ঘটনা প্রত্যক্ষণে কেন্দ্রগুলোতে ছিল মানুষের ভিড়।
পঞ্চগড়ের তেঁতুলিয়া চা বাগানে স্থাপন করা হয় মূল কেন্দ্র। পঞ্চগড় শহরে স্টেডিয়ামে পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ।
জাদুঘরের সহকারী কিউরেটর সুকল্যাণ বাছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আকাশে মেঘ ছিল। তাই পুরো গ্রহণ দেখা যায়নি। তবে পূর্ণগ্রাস গ্রহণ ভালোভাবেই দেখা গেছে।"
তেঁতুলিয়ার আকাশেও মেঘ ছিল। গ্রহণ পর্যবেক্ষণে আসা এক ব্যক্তি বলেন, "এটা একটা অনির্বচনীয় অনুভূমি। ঠিক দিন নয়, আবার রাতও নয়। এ অবস্থা ভাষায় বর্ণনা করা যায় না।"
আরেক ব্যক্তি বলেন, "আকাশ মেঘলা ছিল। তবে এর মধ্যে হঠাৎ মেঘ সরে যাওয়ায় ডায়মন্ড রিং দেখতে পেরেছি।"
পূর্ণগ্রাস গ্রহণের সময় পূর্য পুরোপুরি হারিয়ে যায় চাঁদের ছায়ায়। শুধু চাঁদের চারপাশে ছিল সূর্যের আলোকচ্ছটা। দিনের বেলায় নেমে আসে রাতের আবহ। পশু-পাখিরা প্রকৃতির হঠাৎ এই পরিবর্তন দেখে স্বাভাবিক আচরণ হারিয়ে ফেলে।
রাজধানীকে জাতীয় সংসদ ভবনসহ কয়েকটি স্থানে গ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা করে অ্যাস্ট্রনমিক্যাল অ্যাসোসিয়েশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এর বাইরে বিভিন্ন ভবনের ছাদে ও খোলা মাঠে দাঁড়িয়ে মানুষকে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে দেখা যায়।
সুকল্যাণ বাছার বলেন, "এ সূর্যগ্রহণকে বিরল বলা হচ্ছে এ কারণে যে ১০৫ বছর পর বাংলাদেশ থেকে আবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। সেটি হবে ২১১৪ সালের ২ জুন। ১৯৯৫ সালের ২৪ অক্টোবর সর্বশেষ পূর্ণগ্রাস গ্রহণ দেখা গিয়েছিল।"
তিনি বলেন, "পৃথিবী ও চাঁদের হাজার বছরের আবর্তনের সময় এ ধরনের ঘটনা ঘটে থাকে। পৃথিবী নিজস্ব তলে আবর্তন করে। চাঁদ তার নিজস্ব তলে আবর্তন করে। পৃথিবী ও চাঁদের তল এক সঙ্গে মিশে গেলে সূর্যগ্রহণ হয়ে থাকে।"
তিনি জানান, সূর্যগ্রহণের মধ্যরেখা বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে অতিক্রম করে। পূর্ণগ্রহণের স্থায়িত্ব ছিল ৩ মিনিট ৫৮ সেকেন্ড।
বাংলাদেশ মান সময় সকাল ৭টা ৫৫ মিনিট হতে সকাল ৮টার মধ্যে বাংলাদেশে কেন্দ্রীয় গ্রহণ ঘটে। বাংলাদেশে গ্রহণটির সর্বোচ্চ মাত্রা ছিল ০.৮৩-১.০০।
উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় পূর্ণ গ্রহণ দেখা গেলেও বাংলাদেশের অন্য স্থান থেকে আংশিক গ্রহণ দেখা গেছে। রাজধানী থেকে ৯৩ শতাংশ সূর্যগ্রহণ দেখা গেছে।
সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৫ মিনিট ১৮ সেকেন্ডে ঘটে।
ভারতের উড়িষ্যা রাজ্যের দক্ষিণ-পূর্ব সমুদ্র উপকূলে বুধবার স্থানীয় সময় সকাল ৫টা ৩৭ মিনিট ১০ সেকেন্ডে গ্রহণ শুরু হয়। অন্যদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফিজির লাউ দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিট গ্রহণ শেষ হবে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশে এত বড় সূর্যগ্রহণ আর দেখা যায়নি। গ্রহণের মূল রেখা পঞ্চগড় জেলার ৪ কিলোমিটার উত্তর দিয়ে চলে যাবে। দেশের তিন কোটি মানুষ পূর্ণগ্রাস গ্রহণ দেখতে পারবে।"
তিনি জানান, এর আগে ১৯৮০ সালে ৪৫ সেকেন্ড ও ১৯৯৫ সালে দেড় মিনিট স্থায়ী ছিল।
তিনি জানান, শুরু থেকে শেষ পর্যন্ত ১৫ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিবে গ্রহণ। গ্রহণের মূল রেখার দু'পাশের ২০০ থেকে ২৫৮ কিলোমিটারের মধ্যে পূর্ণগ্রহণ দেখা যাবে। আর ২০০০ কিলোমিটার পর্যন্ত আংশিক গ্রহণ দেখা যাবে।
সে হিসেবে চীনের উত্তরাংশ, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, রাশিয়া, থাইল্যান্ড থেকে আংশিক গ্রহণ দেখা যাবে।
এফ আর সরকার জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভূটান, ,মায়ানমার, চীন, জাপানের দক্ষিনাংশ ও প্রশান্তমহাসাগরীয় দ্বীপগুলোতে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাওয়ার কথা।
২০০১ সাল থেকে ২১০০ পর্যন্ত মোট ২২৪টি সূর্যগ্রহণ হবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সাধারণত ৭ মিনিট ৩ সেকেন্ড স্থায়ী হয়। ১৯৭৩ সালে বড় ধরনের গ্রহণ হয়েছিল। বিমানে চড়ে বিজ্ঞানীরা ৭৪ মিনিট ধরে ওই সময় গ্রহণ পর্যবেক্ষণ করেছিল।
সূর্যগ্রহণ প্রত্যক্ষণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গবেষক ও কৌতূহলী মানুষরা ভিড় জমান পঞ্চগড়ে। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় নেওয়া হয় নানা উদ্যোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পটুয়াখালী প্রতিনিধি জানান, মেঘাচ্ছন্ন আকাশ আর ঝিরঝির বৃষ্টি উপেক্ষা করেই কুয়াকাটা সৈকতে জড়ো হন অনেক পর্যটক।
ঢাকা থেকে বেড়াতে আসা ব্যবসায়ী শামসুল আলম বলেন, "বৈরী আবহাওয়ার মধ্যে সামান্য হলেও সূর্য গ্রহণ দেখতে পেরে আনন্দিত।"
এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
খুলনা থেকে আসা রোজি রহমান বলেন, "মেঘলা আবহাওয়ায়ও সন্তানদের নিয়ে সূর্যগ্রহণ দেখায় শামিল হতে পেরে খুশি লাগছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/০৯৫৫ ঘ.
bdnews24