ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে দেশে চালু হয়েছে ওয়াইম্যাক্স।
মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তারহীন দ্রুতগতির এ ইন্টারনেট সেবার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে লাইসেন্স পাওয়া অগেয়ার ওয়ারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড রাজধানীর গুলশান, বারিধারা ও বনানী অঞ্চলে পরীক্ষামূলকভাবে ওয়াইম্যাক্স সেবা দেবে। শিগগিরই তারা পাকাপাকিভাবে সেবা শুরু করতে পারবে বলে জানিয়েছে।
বাংলাদেশে প্রথম ওয়াইম্যাক্স প্রযুক্তির উদ্বোধন করায় অগেয়ারকে অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "এ বছরের মধ্যে চট্টগ্রাম এবং আগামী বছরের মধ্যে বিভাগীয় সদরে এ প্রযুক্তির সেবা পৌছে যাবে।"
ওয়াইম্যাক্সের লাইসেন্স দিয়ে গত তত্ত্বাবধায়ক সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন রাজু বলেন, "আজ নতুন প্রযুক্তির মাধ্যমে নতুন জগতের সঙ্গে পরিচিত হতে যাচ্ছি আমরা। আগামী দুই তিন মাসের মধ্যে তৃতীয় প্রজন্মের প্রযুক্তি শুরু করবো আমরা এবং তরুন প্রজন্মকে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করাবো।"
অনুষ্ঠানে অগেয়ার চেয়ারম্যান সঞ্জীব আহুজা বলেন, "ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনে অগেয়ার বাজার বাস্তবতা ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে সম্ভব হবে।"
২০০৮ সালের সেপ্টেম্বরে এক উন্মুক্ত নিলামের মাধ্যমে অগেয়ারসহ তিনটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে ওয়াইম্যাক্স সেবা দেওয়ার লাইসেন্স জিতে নেয়। এছাড়া সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ টেলি যোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-কে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24