২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেন অপারেটরদের কর্মবিরতি চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম বন্দরে জাহাজের ক্রেন অপারেটররা মঙ্গলবার সকালের পালা থেকে কর্মবিরতি শুরু করেছে। এতে বন্দরে স্বাভাবিকভাবে জাহাজ থেকে মালামাল ওঠানামার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে বন্দর কর্তৃপক্ষ ও বার্থ অপারেটররা বিকল্প ব্যবস্থা গ্রহণ করায় বন্দর অচল হয়ে পড়েনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 07:34 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম বন্দরে জাহাজের ক্রেন অপারেটররা মঙ্গলবার সকালের পালা থেকে কর্মবিরতি শুরু করেছে। এতে বন্দরে স্বাভাবিকভাবে জাহাজ থেকে মালামাল ওঠানামার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে বন্দর কর্তৃপক্ষ ও বার্থ অপারেটররা বিকল্প ব্যবস্থা গ্রহণ করায় বন্দর অচল হয়ে পড়েনি। বিভিন্ন দাবিতে বার্থ অপারেটরদের অধীনে কর্মরত প্রায় সাড়ে তিনশত ক্রেন অপারেটর (উইন্স ম্যান) সকালের পালা (৮টা) থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কাজে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে। মঙ্গলবার সকালে কিছু সময়ের জন্য জাহাজ থেকে মালামাল ওঠানামা বন্ধ ছিল। পরে বন্দরের নিজস্ব ক্রেন ব্যবহার করে বার্থ অপারেটররা বিকল্প ব্যবস্থায় মালামাল ওঠানামার কাজ শুরু করে। বন্দর পরিচালক (ট্রাফিক) আহসানুল কবির ক্রেন অপারেটরদের কর্মবিরতির বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "ক্রেন অপারেটররা কাজে যোগ না দেয়ায় বন্দরের নিজস্ব ক্রেন ও লোকবল দিয়ে মালামাল ওঠানামার চাল চালানো হচ্ছে।" এ বিষয়টি সুরাহার জন্য বার্থ অপারেটরদের নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। বর্তমানে বার্থ অপারেটরদের আওতাভুক্ত বন্দরের বিভিন্ন জেটিতে চারটি জাহাজ থেকে মালামাল ওঠানামার কাজ চলছে। চট্টগ্রাম উইন্স ম্যান কল্যাণ সমিতির সভাপতি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেতন-ভাতা বাড়ানোসহ ছয় দফা দাবিতে বার্থ অপারেটরদের অধীনে কর্মরত প্রায় সাড়ে তিনশত উইন্স ম্যান কর্মবিরতি শুরু করেছে।" দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তিনি। মতিন বলেন, "মাসিক বেতন বৃদ্ধি, উৎস বোনাস, বন্দরের স্থায়ী পরিচয়পত্র ও গেট পাস, কল্যাণভাতা, জীবন ও স্বাস্থ্য বীমা এবং সুচিকিৎসাসহ অন্যান্য সুবিধা দেওয়ার নিশ্চয়তা পেলেই উইন্স ম্যানরা কাজে যোগ দেবে।" গত ছয় মাসে এর আগেও দু'দফা কর্মবিরতি পালন করেছিল উইন্স ম্যানরা। সে সময় বার্থ অপারেটর ও বন্দর কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু পরে তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে উইন্সম্যানদের সঙ্গে বার্থ অপারেটরদের কয়েক দফা আলোচনাও হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি বার্থ অপারেটর প্রতিষ্ঠানের কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলোচনা শেষ হওয়ার আগেই তারা কাজ বন্ধ রাখায় আমরা হতবাক ও বিস্মিত হয়েছি। তিনি বলেন, উইন্সম্যানদের বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকার বিষয়টি মোটেও যৌক্তিক নয় এবং স্থায়ী পরিচয়পত্র ও বন্দরে ঢোকার গেট পাশ দেওয়ার বিষয়টি বন্দরের এখতিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৩৪০ ঘ.