২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পার্বত্যাঞ্চলের ভূমি বরাদ্দ বাতিলের সুপারিশ

পার্বত্য জেলাগুলোতে রাবার বাগানসহ বিভিন্ন প্রকল্পের জন্য ভূমি ইজারা নিয়ে প্রকল্প বাস্তবায়ন না করাসহ অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে বরাদ্দ বাতিলের সুপারিশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 05:03 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

খাগড়াছড়ি, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য জেলাগুলোতে রাবার বাগানসহ বিভিন্ন প্রকল্পের জন্য ভূমি ইজারা নিয়ে প্রকল্প বাস্তবায়ন না করাসহ অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে বরাদ্দ বাতিলের সুপারিশ করা হয়েছে। সোমবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি প্রমোদ মানকিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, বিগত জোট সরকারের সময় প্রভাব খাটিয়ে নেওয়া রাঙামাটিতে ২৪ একর, বান্দববানে ১৭৪৪ একর, খাগড়াছড়িতে ৩১ একর জমিতে প্রকল্প বাস্তবায়ন না করাসহ ইজারা নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম খতিয়ে দেখা হবে। অনিয়মের প্রমাণ পেলে বরাদ্দ বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে। প্রমোদ মানকিন জানান, অন্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে ভারত থেকে ফিরে আসা শরণার্থীদের পুনর্বাসন, অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্সের কার্যক্রম সচল করা, ভূমি কমিশন গঠনে দ্রুত ও স্থায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং সাজেদা চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটিকে পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের তাগিদ দেওয়া। সোমবার দুপুরে খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদী স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তিন ঘণ্টাব্যাপী চলে আলোচনা। কমিটির সভাপতি প্রমোদ মানকিনের সভাপতিত্বে বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর, সাংসদ এবিএম ফজলে করিম, আব্দুর রহমান বদি, গিয়াস আহম্মেদ, এথিন রাখাইনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ১ম ও ২য় বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়। গত ২৫ জুন তৃতীয় বৈঠক হয় বান্দরবানে। সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষ হওয়ার পর পার্বত্য শান্তিচুক্তি বিরোধী হিসেবে পরিচিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থক গণতান্ত্রিক যুব ফোরাম প্রমোদ মানকিনের কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রামের ভূমি বেদখলসহ বিভিন্ন অভিযোগ এবং পাহাড়ি জনগণের দাবিদাওয়া তুলে ধরা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনধি/ডিডি/এমএসবি/২৩০০ ঘ.