ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়াতে ২৫ জুলাইয়ের মধ্যে সরকারের কাছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করার প্রস্তাব পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।
সিইসি বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনীর জন্যে এবার শুধু সময় বাড়ানোর প্রস্তাবটুকু থাকছে। পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনী আইনের অন্যান্য সংশোধনীর প্রস্তাবগুলোও পাঠাব।"
নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে রোববার পর্যন্ত বিএনপিসহ ১১টি দল সময় বাড়ানোর আবেদন জানিয়েছে।
সাংসদ সালাউদ্দীন কাদের চৌধুরীর সদস্যপদ বাতিলের সিদ্ধান্তের বিষয়ে শামসুল হুদা বলেন "আমরা সাংসদ নির্বাচিত করি, কারও সদস্যপদ খারিজের উদ্দেশ্য ইসির নেই। আমরা সংসদ সদস্য পদ ধরে রাখার পথটা সহজ করতে চেয়েছি। এক্ষেত্রে সাকা চৌধুরী বিষয়ে স্পিকারের চিঠি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।"
মনোনয়নপত্রে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ এনে সালাহউদ্দিন কাদেরের সদস্যপদ খারিজের সুপারিশ করে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদকে চিঠি দিয়েছে ইসি।
তবে স্পিকার বলেছেন, সদস্যপদ খারিজ করার বিষয়টি ইসির এখতিয়ার। ইসি বললে তিনি সাকা চৌধুরীর নির্বাচনী আসন শূন্য ঘোষণা করতে পারেন।
সাকা চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিল করে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন কবে নাগাদ শূন্য ঘোষণা করা হবে- জানতে চাওয়া হলে রোববার সিইসি সাংবাদিকদের বলেন, "আমরা আইনি পরামর্শ করে এ বিষয়ে চিন্তা-ভাবনা করে আগামী মাসে সিদ্ধান্ত নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২২৪০ঘ.
bdnews24