খুলনা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলাটি রোববার পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
গোয়েন্দা শাখার পরিদর্শক মামুন খানকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে। এর আগে মামলাটি খুলনা থানা তদন্ত করছিল। এ হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর মামলাটি ডিবিতে স্থানান্তর করা হল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার নেছার আহমেদ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিথার হত্যা মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য রোববার খুলনা থানা থেকে গোয়েন্দা শাখার স্থানান্তর করা হয়েছে।
গত ১১ জুলাই রাতে নগরীর মুসলমান পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শহীদ ইকবাল বিথার নিহত হন। ১৩ জুলাই বিথারের শ্যালক এস এম রফি উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24