নওগাঁ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর রানীনগর উপজেলা থেকে শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ'র (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যের নাম- বেলাল হোসেন (৪০)। তিনি উপজেলার পারইল গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, বেলালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ২০০৪ সালে রানীনগর-আত্রাই উপজেলা এলাকায় কথিত সর্বহারা-চরমপন্থী নির্মূল অভিযানে জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলাভাই'র সঙ্গে ছিলেন বেলাল।
চারদলীয় জোট সরকারের সময় পুলিশ তাকে আরও দু'বার পাকড়াও করলেও ছাড়া পেয়ে যান। তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে ওসি জানান।
এদিকে আরেক জেএমবি সদস্য শরিয়তুল্লাহ ওরফে সীমারকে তিনদিনের রিমান্ড শেষে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। রিমান্ডে তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।
একটি হত্যা মামলায় বৃহস্পতিবার রানীনগর থানা পুলিশ সীমারকে রিমান্ডে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24