মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশ বিষয়ক
ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শ্রাবণ মাসের ঘোর বর্ষায়ও স্বাভাবিক বৃষ্টি নেই।
আবহাওয়া দপ্তর ও বিশেষজ্ঞরা তথ্য দিয়ে জানিয়েছেন এই সময় বৃষ্টি বেশ কম হচ্ছে। গত বছরের জুলাই মাসের তুলনায় তার পরিমাণ ৩০ শতাংশ কম।
সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় দেশে গরম দিনের সংখ্যা বাড়ছে। হেরফের হচ্ছে বৃষ্টির সময়ের।
প্রকৃতির এই খেয়ালীপনার কারণ সম্পর্কে নিশ্চিত নন বুয়েটের অধ্যাপক ও সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের (এসএমআরসি) সিনোপটিক বিভাগের প্রধান ড. নজরুল ইসলাম।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিশেষজ্ঞ বলেন," ঠিক কি কারণে এটি হচ্ছে তা সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। জলবায়ুর পরিবর্তনের কারণে হচ্ছে না সময়ের বিবর্তনে হচ্ছে তা নিয়ে আমাদের কাছে বিস্তারিত কোনও গবেষণা নেই।"
তিনি বলেন, বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হতে পারে। আবার পাঁচশ'-হাজার বছরে এমনিতেই জলবায়ুর পরিবর্তন হয়ে থাকে।
ড. নজরুল ইসলাম দেশের বৃষ্টিপাতের ধারা নিয়ে গবেষণা করছেন। তিনি জানালেন, জুলাই মাসের বৃষ্টিপাতের পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা গেছে এ মাসে বৃষ্টির ঘাটতি থাকবে। খুব বেশি হলে কাছাকাছি থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত কয়েক মাসে স্বাভাবিক গড়ের তুলনায় ৩০ শতাংশ বৃষ্টি কম হয়েছে।
ড. নজরুল ইসলাম অবশ্য জানান, বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এখন বৃষ্টি কম হলেও সারা বছরের গড় বৃষ্টি কম হবে না। বছরের মোট বৃষ্টিপাত ঠিকই থাকবে। তবে সময় ভেদে বৃষ্টি কম বেশি হবে।
বাংলাদেশে বছরে স্থানভেদে গড়ে ২৫০০-২৬০০ মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে।
তিনি বলেন, গবেষণায় দেখা যাচ্ছে দেশে গরমের দিন বাড়ছে। ঠাণ্ডার দিন কমছে। এ কারণে শীতকালের দৈর্ঘ্য কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ আবদুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মুহূর্তে বৃষ্টির পরিমাণ খুবই কম। গত বছর জুলাই মাসে ২১ হাজার ৯৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এ বছর ১৮ জুলাই পর্যন্ত ৭৮৯১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৬ শতাংশ কম।
তিনি জানান, সাগরে ঘন ঘন লঘুচাপের সৃষ্টি হলেও এগুলো বাংলাদেশের উপকূল এড়িয়ে আরও পশ্চিমে ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ দিয়ে অতিক্রম করছে। এতে ভারতের ওই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। কিন্তু এ অঞ্চলে মৌসুমি বায়ু খুব সক্রিয় নয়।
তবে দু'একদিনের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানান আবদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২১১৪ঘ.
bdnews24