২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরও দুই সোয়াইন ফ্লু রোগী সনাক্ত

দেশে আরও দুই জন সোয়াইন ফ্লু রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪। এইচ১এন১ ভাইরাসে রোববার নতুন দুই জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইডিসিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 07:51 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দেশে আরও দুই জন সোয়াইন ফ্লু রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪। এইচ১এন১ ভাইরাসে রোববার নতুন দুই জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইডিসিআর)। প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন আক্রান্তদের একজন বিদেশ থেকে এসেছেন। অপরজন দেশেই সংক্রমিত হন।" আক্রান্তদের চিকিৎসা চলছে বলে তিনি জানান। গত ১৯ জুন দেশে প্রথম সোয়াইন ফ্লু রোগী ধরা পড়ে। ওই সময় যুক্তরাষ্ট্র থেকে আসা এক জনের দেহে সোয়াইন ফ্লু ভাইরাস পাওয়া যায়। সোয়াইন ফ্লু প্রতিরোধে দেশের তিনটি বিমানবন্দর (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট), দুটি সমুদ্রবন্দর (চট্টগ্রাম ও মংলা) এবং ১১টি স্থলবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত ৮০ হাজারের বেশি যাত্রীকে পর্যবেক্ষণ করা হয়েছে। ৮০ জনের বেশি যাত্রীর দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, বিশ্বের ১২৫টি দেশ ও অঞ্চলে সোয়াইন ফ্লু-তে আক্রান্তের সংখ্যা ৯৪ হাজারেরও বেশি। এতে মারা গেছেন ৪২৯ জন। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১৭০ জন। প্রথম উপদ্রুত দেশ মেক্সিকোতে মারা যায় ১১৯ জন। গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এইচ১এন১ নামের এ ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। যত্রতত্র কফ, থুথু না ফেলা ও সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৪০০ ঘ.