মৌলভীবাজার, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এক সপ্তাহে ছয় বাড়িতে ডাকাতি হয়েছে।
গ্রামের যুগল দত্ত, শের আলী, কালু মিয়া, নিখিল পাল ও মুদরিছ মিয়ার বাড়িতে ডাকাতি হয়। সর্বশেষ শুক্রবার রাতে হয়েছে নিত্যানন্দ দেবের বাড়িতে।
এক সপ্তাহে ছয়টি ডাকাতির কথা স্বীকার করে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান বলেন, "তারা (ডাকাতরা) চুরির জন্য বাড়িতে ঢোকে। পরে লোকজনকে মারপিট করে টাকা-কড়ি ও মালামাল নিয়ে যায়।"
নিত্যানন্দ দেবের ছেলে রাজিব দেব জানান, শুকবার রাত দেড়টার দিকে ২০-২৫ জনের মুখোশপরা সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙে তাদের ঘরে ঢোকে। পরিবারের ছয় সদস্যকে মারধর করে ডাকাতরা দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ১২ হাজার টাকা, একটি মোবাইল ফোনসেট, একটি হাতঘড়ি ও কাপড়চোপড়সহ প্রায় এক লাখ টাকার মাল নিয়ে যায়।
এ সময় প্রতিবেশী আলফু মিয়াকে মোবাইল ফোনে ডাকাতির ঘটনা জানানো হলে তিনি দু'রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। এতে ডাকাতরা হাইল হাওরের দিকে পালিয়ে যায়।
তিনি বলেন, ডাকাতের ভয়ে যুগল দত্ত তার তিন মেয়েসহ পরিবারের সদস্যদের নিয়ে শহরের ভাড়া বাসায় গিয়ে উঠেছেন।
নিত্যানন্দের পরিবারের বরাত দিয়ে উপ-পরিদর্শক মজিবুর রহমান বলেন, ডাকাতদের আঘাতে গৃহকর্তা নিত্যানন্দ দেব (৭৫), তার স্ত্রী নিলিমা দেব (৫৫), ছেলে রাজিব দেব (২৮), নাতনি স্বর্ণা দেব (১৩) ও মোহনা দেব (৯) আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ডাকাতরা পালিয়ে যাওয়ার ১৫/২০ মিনিট পর ঘটনাস্থলে পুলিশ যায় বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৫ ঘ.
bdnews24