ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) পঞ্চদশ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের একজন ইমিগ্রেশন কর্মকর্তা বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ ফ্লাইটটি রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে অবতরণ করে।
'শারম আল শেখ ঘোষণার' মধ্য দিয়ে দুইদিনের ন্যাম শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রধানমন্ত্রী ন্যাম-এর এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনা আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।
এর আগে মিশরের শারম আল শেখ আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় (স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা) মিসরীয় প্রেসিডেন্ট হোসনি মোবারকের পক্ষে শেখ হাসিনাকে বিদায় জানান সেদেশের পরিবেশ মন্ত্রী মাজেদ জর্জ এলিয়াস গ্যাটাস ।
মিশরের এই পর্যটন নগরীতে ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ১৪ জুলাই প্রধানমন্ত্রী চার দিনের সফরে ঢাকা ছাড়েন।
সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, প্রধানমন্ত্রীর সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ।
ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু সেরি মোহাম্মদ নাজিব বিন তুন হাজি আবদুল রাজ্জাক,পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানি, নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল, ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপ্যাগাল অ্যারোয়োর সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/এইচএ/২৩৪২ ঘ.
bdnews24