২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে কাঠবোঝাই ট্রাক ছিনতাইয়ের সময় দুই ডাকাত গ্রেপ্তার

রাজধানীর মিরপুর এলাকা থেকে কাঠ বোঝাই ট্রাক ছিনতাই করে পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর মিরপুর এলাকা থেকে কাঠ বোঝাই ট্রাক ছিনতাই করে পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ডাকাত রফিকুল ইসলাম রুমি ও জহিরুল ইসলাম সুমন পঙ্গু হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। তাদের কাছ থেকে একটি পাইপগান ও ৪ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত ট্রাক চালক আব্দুল মান্নানকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। মিরপুর থানার অপারেশন অফিসার (ভারপ্রাপ্ত ওসি) শাহজাহান খান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুরের কাজিপাড়ায় ৮-৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে কাঠ বোঝাই ট্রাক (চুয়াডাঙ্গা ট-০২-০০৪৪) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ট্রাক চালক মান্নান ডাকাতদের বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে পুলিশ মিরপুর ১০ নম্বর গোলচক্করের অদূরে আল হেলাল হাসপাতালের সামনে ট্রাকটির গতি রোধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। ডাকাত দল ট্রাকটি নিয়ে পালানোর সময় ১০ নম্বর গোল চক্করে একটি বাসকে ধাক্কা দেয়। পুলিশ ট্রাকটিকে ধাওয়া করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। অন্যরা রাস্তার ওপর ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলাম রুমি ও জহিরুল ইসলাম সুমনকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ দু'জনের কাছ থেকে ১ টি পাইপ গান, ১ টি চাপাতি ও ৩ টি ছোরা উদ্ধার করা হয়েছে। শাহজাহান খান জানান, ট্রাক ভর্তি কাঠের মূল্য আনুমানিক ৬/৭ লাখ টাকা। এসব কাঠ চুয়াডাঙ্গা থেকে আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২১৪০ ঘ.