২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে অপহৃত যুবকের লাশ বাগেরহাটে উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে অপহৃত এক যুবকের লাশ বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম- আলম খন্দকার (২৭)। বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

বাগেরহাট, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে অপহৃত এক যুবকের লাশ বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম- আলম খন্দকার (২৭)। বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আলম পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। গত ৭ জুলাই তিনি নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিরোজপুরের ভাণ্ডারিয়ো থানা পুলিশ পাঁচজনকে আটক করেছে। এরা হলেন- পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গাজিপুর গ্রামের লিটন শিকদার (৩০), লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩০), বাগেরহাটের মোরেলগঞ্জের দাসখালী গ্রামের লোকমান হোসেনের স্ত্রী হেলেনা বেগম (২৩), তার বোন রিজিয়া বেগম (৪০) এবং ভাইয়ের স্ত্রী হাওয়া বেগম (৩৫)। পরিবারের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, আলম খন্দকার ভাড়ায় মোটরসাইকেল চালানোর কাজ করতেন। গত ৭ জুলাই একই এলাকার লিটন শিকদার নামে এক যুবক তাকে মোটরসাইকেলসহ ভাড়া করে বাগেরহাটের দাসখালী এলাকায় নিয়ে যায়। এরপর থেকে আলম নিখোঁজ ছিলেন। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, আলমের মামা হাবিবুর রহমান গত ১৩ জুলাই থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার সূত্র ধরে পুলিশ ১৫ জুলাই লিটন শিকদারকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া লিটনের স্বীকারোক্তি অনুযায়ী বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দাসখালী এলাকা থেকে আলমের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, "লিটন স্বীকারোক্তিতে জানিয়েছে- দাসখালীতে লোকমানের বাড়িতে আলমকে জবাই করে লাশ দাসখালী খালের পাশে পুতে রাখা হয়।" মতিউর রহমান আরও বলেন, লিটনের স্বীকারোক্তি অনুযায়ী দাসখালী গ্রামের লোকমানের স্ত্রী, বোন ও ভাইয়ের স্ত্রীকে আটিক করা হয়। তবে লোকমানকে আটক করা যায়নি। লোকমানের বাড়িতে রক্তের দাগ পাওয়া গেছে। মোটরসাইকেলটি উদ্ধার করা যায়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৭ ঘ.