মানিকগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের এক নেতাকে বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী অস্ত্রের মুখে অপহরণ করে মারধরের পর মাথা ন্যাড়া করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ সরকারের অভিযোগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীর চাঁদা ও টেন্ডারবাজির প্রতিবাদ করায় তাকে ধরে নিয়ে নির্যাতন করা হয়।
এ ঘটনায় রাতে মানিকগঞ্জ সদর থানায় মামলা করবেন বলে তিনি ফোনে সাংবাদিকদের জানান।
সুভাষ সরকার জানান, মানিকগঞ্জ-৩ আসনের সাংসদ জাহিদ মালেকের বাবা ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র এম এ মালেকের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় সাংসদের বাড়িতে যান।
সেখানে যাওয়ার পরপরই আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাদল তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। ফেরার পথে জয়রা এলাকায় পৌঁছালে অঞ্জন, জনি ও রাজাসহ ছাত্রলীগের ৫/৬ জন নেতাকর্মী তাকে অস্ত্রের মুখে অপহরণ করে জয়রা কলেজের একটি নির্জন কক্ষে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে মাথা ন্যাড়া করে দেন তারা।
ঘটনার পর ভয়ে মানিকগঞ্জ ছেড়ে ঢাকায় চলে গেছেন বলেও তিনি জানান।
সুভাষ সরকার অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা কর্মীরা হত্যার উদ্দেশ্যেই তাকে অপহরণ করেন। বিষয়টি জানার পর জেলা নেতৃবৃন্দের টেলিফোন পেয়ে মারপিটের পর মাথা ন্যাড়া করে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম বাদল বলেন, তিনি ঘটনাটি জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.
bdnews24