ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত গঠনতন্ত্র অনুমোদনের জন্য জাতীয় পার্টির (এরশাদ) কাউন্সিলের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুলাই।
এজন্য ৪৯ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে সমন্বয়কারী এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তোপখানা সড়কের দলীয় কার্যালয়ে কমিটির প্রথম বৈঠক হবে।
এছাড়া গঠনতন্ত্র সংশোধনের জন্য চার সদস্যের আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে বলেও বুধবার জাতীয় পার্টির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্যদিকে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আগামী ২৪ জুলাই জরুরি কাউন্সিল ডেকেছে।
দলের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ জন্য ৩১ সদস্যের একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে।
নবম সংসদ নির্বাচনের আগে ৩৯টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে সংশোধিত অস্থায়ী গঠনতন্ত্র জমা দিয়ে নিবন্ধন করে। রাজনৈতিক দলের বিধি অনুযায়ী, নবম সংসদে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংসদ অধিবেশন শুরুর ছয় মাসের মধ্যে দলের গঠনতন্ত্র দলীয়ভাবে অনুমোদন করে তা ইসিতে জমা দিতে হবে। ওই সময়সীমা ২৫ জুলাই শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এসকে/২১৪৪ঘ.
bdnews24