২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আইনজীবীদের মতামতের ভিত্তিতে কোর্ট ফি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হবে'

আইনজীবীদের মতামতের ভিত্তিতে কোর্ট ফি পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে 'বিদ্যমান কোর্ট ফির হার পুনর্নির্ধারণ' সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 05:42 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবীদের মতামতের ভিত্তিতে কোর্ট ফি পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে 'বিদ্যমান কোর্ট ফির হার পুনর্নির্ধারণ' সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। শফিক আহমেদ বলেন, "২১ জুলাই বার কাউন্সিলের সভা এবং পরবর্তীতে আইনজীবীদের বর্ধিত সভায় এ বিষয়ে আলোচনা হবে। প্রাপ্ত মতামত ও প্রস্তাবনার ভিত্তিতে কোর্ট ফি পুনর্নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।" সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রী মোঃ শাহজাহান মিয়া, আইন সচিব কাজী হাবিবুল আউয়াল, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এএফএম মেসবাহউদ্দিন, সাধারণ সম্পাদক শ. ম. রেজাউল করিম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার প্রমুখ। এদিকে দুপুরে আইনমন্ত্রীর সঙ্গে সাব রেজিস্ট্রার অ্যাসোসিয়েশনের বৈঠক হয়। বৈঠক শেষে তিনি বলেন, "অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাদের চাকরি বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত করাসহ কয়েক দফা দাবি জানিয়েছেন। আমি তাদেরকে বলেছি, সাব রেজিস্ট্রারদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে তা আগে বন্ধ করা হোক। এরপর বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/২৩০০ঘ.