চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধুনিক ট্রেডিং সফটওয়্যারে নতুন আঙ্গিকে লেনদেন শুরু করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
মঙ্গলবার সিএসই মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সিএসই'র সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী একথা জানান।
তিনি বলেন, "পুরনো সফটওয়্যারে নতুন করে ৩৪ টি সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে। সফটওয়্যারটি যুগোপযোগী করায় এখন থেকে বিনিয়োগকারীরা আরও সহজভাবে ব্যবসা করার সুযোগ পাবেন।"
১২ জুলাই থেকে নতুন সফটওয়্যারে কাজ শুরু হয়েছে বলেও জানান নাসির উদ্দিন।
১৯৯৮ সালের ২ জুন কার্যক্রম শুরুর পর থেকে 'ভেক্টর ট্রেডিং' নামের একটি সফটওয়্যার ব্যবহার করা হতো সিএসইতে। তবে সেটিতে অনেক সীমাবদ্ধতা ছিল।
নতুন সফটওয়্যারে গ্রাহকদের আদেশ এবং লেনদেন ব্রোকাররা কেন্দ্রীয়ভাবে দেখার সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিএসই পরিচালক এ এস এম শহীদুল্লাহ, বিজন চক্রবর্তী ও তারেক কামাল, প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি সিদ্দিক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/২১১৯ঘ.
bdnews24