ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন চারজন বিচারপতি মঙ্গলবার নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার রাষ্ট্রপতি জিল্লুর রহমান এ নিয়োগ দেন। এ নিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ১১ এ দাঁড়ালো।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- বিচারপতি বি কে দাস, বিচারপতি এ বি এম খায়রুল হক, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এরা সবাই হাইকোর্ট বিভাগের বিচারপতি।
গত ৯ জুলাই রাষ্ট্রপতি সংবিধানের ৯৪ (২) অনুচ্ছেদের ক্ষমতা বলে আপিল বিভাগের বিচারকের সংখ্যা সাত থেকে বাড়িয়ে ১১ জনে উন্নীত করেন।
বিচারপতি বি কে দাস (বিজন কুমার দাস) ১৯৪৩ সালের ১১ এপ্রিল সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০০ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। তিনি ২০১০ সালের ১০ এপ্রিল তার অবসর নেওয়ার সময়।
বিচারপতি এ বি এম খায়রুল হক ১৯৪৪ সালের ২৮ মে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০০ সালের ২৭ এপ্রিল। ২০১১ সালের ১৭ মে তার অবসরে যাওয়ার কথা।
মো. মোজাম্মেল হোসেন ১৯৪৮ সালের ১৭ জানুয়ারি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০০০ সালের ২৭ এপ্রিল তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৫ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত তার দায়িত্ব পালনের মেয়াদ।
সুরেন্দ্র কুমার সিনহার জন্ম ১৯৫১ সালের ১ ফেব্র"য়ারি, মৌলভীবাজারে। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। তিনি স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ২৪ অক্টোবর। আগামী ২০১৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮০৮ ঘ.
bdnews24