ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কদমতলী থানা পুলিশ সোমবার মধ্যরাতে দক্ষিণ দনিয়া এলাকায় ব্যাগের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে।
নিহতের পরিচয় মেলেনি। তার বয়স ২৫-২৬ বছর বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করার সময় লাশটির হাত-পা ঘিয়ে রংয়ের ওড়না দিয়ে বাঁধা ছিল। পরনে ছিল লাল ছাপা রংয়ের কামিজ এবং গোলাপি সালোয়ার।
শরীরে কোনও বড় ধরনের জখমের চিহ্ন পাওয়া যায়নি।
কদমতলী থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার পর দক্ষিণ দনিয়ার নূরপুর এলাকায় একটি গলিতে কালো একটি ব্যাগের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি জানান, স্থানীয়রা ব্যাগটি পড়ে থাকার খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এজে/১৭৪৪ ঘ.
bdnews24