রাজশাহী, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মহানগরীর শ্যামপুর এলাকায় মঙ্গলবার সকালে জালাল (৪২) নামের এক বালু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জালালের ভাই গাউছুলকেও (৪০) পিটিয়ে আহত করেছে তারা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে আটক করেছে। এরা হলেন- চরশ্যামপুর এলাকার মানিক, ইনসাদ আলী, রেহমান আলী, শামসুল হক, মিঠু, সহিদুল ইসলাম এবং মজিরন বেগমকে আটক করেছে।
নিহতের স্ত্রী তরজিমা ও মা জাহানারা বেগম সাংবাদিকদের জানান, বালু উত্তোলন নিয়ে ওই এলাকার কয়েকজন প্রভাবশালীর সঙ্গে জালালদের দ্বন্দ্ব ছিল। ভোরে ৬০ হাজার টাকা নিয়ে তারা বাড়ি থেকে বের হন।
সন্ত্রাসীরা তাদের কাছে থাকা ওই টাকাও নিয়ে গেছে বলে তারা অভিযোগ করেন।
নগরীর মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোরে জালাল ও তার ভাই গাউছুল বালু কেনার জন্য বাড়ি থেকে বের হয়। শ্যামপুর এলাকার মিজানের মোড়ে পৌঁছালে একদল সন্ত্রাসী তাদেরকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা মতিহার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জালালের লাশ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় গাউছুলকে হাসপাতালে পাঠায়।
আটক করা সাতজনকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসি হুমায়ুন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৬ ঘ.
bdnews24