ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম এর ১৫-তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিসরের উদ্দেশে মঙ্গলবার ঢাকা থেকে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে মিসরের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশের ৫০ জনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলেও জানান তার প্রেস সচিব।
মিসরের পর্যটন নগরী শারম এল শেখে গত ১১ জুলাই শুরু হওয়া এ সম্মেলন চলবে ১৬ জুলাই পর্যন্ত।
প্রেস সচিব আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অন্যান্য দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে পার্শ্ববৈঠক করতে পারেন। সম্মেলনের শেষ দিন ১৬ জুলাই শেখ হাসিনা তার ভাষণ দেবেন।
বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে মনমোহনের সম্ভাব্য পার্শ্ববৈঠক নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এসব খবরে বাংলাদেশের ক্ষতি হলে টিপাইমুখ বাঁধ নির্মাণ না করার জন্য পার্শ্ববৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রীকে হাসিনা অনুরোধ জানাতে পারেন বলে উল্লেখ করা হয়েছে।
ন্যামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ইতোমধ্যেই মিসরে অবস্থান করছেন।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসকে/২০৫৮ঘ.
bdnews24