ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারওয়ানবাজারে অবস্থিত রাজধানীর অন্যতম প্রধান পাইকারি বাজারে ফরমালিন পরীক্ষা কেন্দ্র চালু হচ্ছে মঙ্গলবার।
রাজধানীবাসীর জন্য ফরমালিনমুক্ত মাছ বিক্রি নিশ্চিত করতে এক উদ্যোগের প্রাথমিক পদক্ষেপ হিসেবে এটি চালু হচ্ছে। মাছ বেশিক্ষণ তাজা রাখার জন্য বিষাক্ত রাসায়নিক ফরমালিনের ব্যবহার বন্ধে এতদিনের প্রচেষ্টা তেমন সফল না হওয়াতেই সর্বশেষ এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য বাজারেও এ কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা।
মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কারওয়ান বাজারের খুচরা মাছ বাজারে মঙ্গলবার এ কেন্দ্রের উদ্বোধন করবেন ।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ও কারওয়ান বাজারে ফরমালিনমুক্ত মাছ বিক্রয় নিশ্চিতকরণ প্রকল্পের সমন্বয়ক মনোয়ার হোসেন আখন্দ এ বিষয়ে বলেন, "মাছ বেশিক্ষণ তাজা রাখার জন্য অনেক বিক্রেতা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক ফরমালিন ব্যবহার করেন।
"এটা বন্ধে চলমান বিশেষ অভিযানসহ নানা তৎপরতা পুরোপুরি কার্যকর না হওয়ায় ফরমালিন পরীক্ষা কেন্দ্র চালুর এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বুথ থেকে ফরমালিন কিট দিয়ে ক্রেতারা মাছ পরীক্ষা করে নিতে পারবেন।"
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রকল্প বাস্তবায়নে গঠিত কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইমরান জানান, প্রাথমিকভাবে ১৪ জুলাই কারওয়ান বাজারে বুথ স্থাপনের মাধ্যমে এর কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেছেন, পর্যায়ক্রমে ঢাকার সব বাজারেই এ ধরনের বিশেষ বুথ স্থাপন করার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।
মাছ ছাড়াও বিভিন্ন রকম ফল বেশিক্ষণ টাটকা রাখার জন্য ফরমালিন মিশ্রিত পানির প্রলেপ দেওয়া হয়। চিকিৎসকদের মতে অবৈধভাবে খাদ্যে এ ধরণের বিভিন্ন রাসায়নিকের যথেচ্ছ ব্যবহার দেশে কিডনী ও ক্যান্সারের মতো বহু কঠিন রোগ বাড়ার অন্যতম কারণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এসকে/১৮৩৩ঘ.
bdnews24