চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর বায়েজীদ থানাধীন শেরশাহ কলোনি এলাকায় ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
রোববার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের আলোচিত আট খুনের ঘটনার নবম বার্ষিকীতে নিহতদের কবরে ফুল দিতে যাওয়ার সময় সংঘর্ষ হয়।
আহতরা হলেন- ইশতিয়াক, বোরহান, রাসেল, ইমরান উর রহমান অভি, মাসুম হায়দার। এদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাাতলে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের এক নেতা।
পুলিশ ও ছাত্রলীগনেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের একটি অংশ মিছিল নিয়ে নগরীর বায়েজীদ বোস্তামী মাজার সংলগ্ন কবরস্থানে নিহতদের কবরে ফুল দিতে যাচ্ছিল।
দুপুর দেড়টার দিকে শেরশাহ কলোনির সামনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের অপর অংশের ২০-২৫ জন নেতাকর্মী তাদের বাধা দেয় এবং হামলা করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সন্ধ্যা পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি বলে ওসি জানান।
সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত পলিটেকনিক ছাত্রলীগের নেতা অসীম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কবরে ফুল দিতে যাওয়ার পথে শফি- মেহেদী- কুদ্দুস-খোকনের নেতৃত্বে ছাত্রলীগ নামধারী স্থানীয় কিছু সন্ত্রাসী আমাদের মিছিলে হামলা চালায়।"
হামলায় তাদের পাঁচকর্মী আহত হয় বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১১০ ঘ.
bdnews24