২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লুতে আক্রান্ত আরও তিনজন

সোয়াইন ফ্লুর ভাইরাস এইচ১এন১ এ আক্রান্ত আরও তিনজনের সন্ধান পাওয়া গেছে। এরা বিদেশ থেকে সংক্রমিত অবস্থায় দেশে ফিরেছেন। এ নিয়ে দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 10:08 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোয়াইন ফ্লুর ভাইরাস এইচ১এন১ এ আক্রান্ত আরও তিনজনের সন্ধান পাওয়া গেছে। এরা বিদেশ থেকে সংক্রমিত অবস্থায় দেশে ফিরেছেন। এ নিয়ে দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১ জনে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সপ্তাহে দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত আরও তিনজন রোগী পাওয়া গেছে। এরা যুক্তরাজ্য ও কানাডা থেকে এসেছেন। তিনি জানান, এর আগে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আসা রোগীদের দেহে ভাইরাসটি পাওয়া গিয়েছিল। অধ্যাপক মাহমুদ জানান, মোট আক্রান্তদের ১২ জন নারী ও ৯ জন পুরুষ। এদের বয়স ২-৪৬ বছরের মধ্যে। তবে ২০-২২ বছর বয়সী রোগীর সংখ্যাই বেশি। তিনি জানান, আক্রান্তদের ১৭ জন পুরোপুরি সুস্থ হয়েছেন। বাকি চারজনের চিকিৎসা চলছে। তিনি আরও জানান, ৯ জন দেশের ভেতরে আক্রান্ত হয়েছেন। তবে তারা বিদেশ থেকে আসা রোগীদের আত্মীয়-স্বজন। আইইডিসিআর জানিয়েছে, দেশে এখন মৌসুমী ফ্লুর বিস্তার হ্রাস পেয়েছে। মে মাসে দেশে ফ্লুর প্রকোপ বেড়ে গিয়েছিল। এমন অবস্থায় মৌসুমী ফ্লুর সঙ্গে সোয়াইন ফ্লুর মিশ্রণে নতুন ধরনের ফ্লুর উদ্ভব হওয়ার আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। তবে মৌসুমী ফ্লুর প্রকোপ কমে যাওয়াতে সে আশঙ্কা কমে গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত ১৯ জুন দেশে প্রথম সোয়াইন ফ্লু রোগী শনাক্ত করার কথা জানায়। ওই সময় যুক্তরাষ্ট্র থেকে আসা এক জনের দেহে সোয়াইন ফ্লু ভাইরাস পাওয়া যায়। সোয়াইন ফ্লু প্রতিরোধে দেশের তিনটি বিমানবন্দর (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট), দুটি সমুদ্রবন্দর (চট্টগ্রাম ও মংলা) এবং ১১টি স্থলবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত ৮০ হাজারের বেশি যাত্রীকে পর্যবেক্ষণ করা হয়েছে। ৮০ জনের বেশি যাত্রীর দেহ থেকে নমুন সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসেবে, বিশ্বের ১২৫টি দেশ ও অঞ্চলে সোয়াইন ফ্লু-তে আক্রান্তের সংখ্যা ৯৪ হাজারের বেশি। এতে মারা গেছেন ৪২৯ জন। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১৭০ জন। প্রথম উপদ্রুত দেশ মেক্সিকোতে মারা গেছেন ১১৯ জন। গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি ও কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এইচ১এন১ নামের এ ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। যত্রতত্র কফ ও থুথু না ফেলা এবং সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/এমআই/১৫১০ ঘ.