২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুষ্কৃতকারীরা আগুন দিয়ে শ্রমিকদের ওপর দায় চাপায়: শ্রমমন্ত্রী

পোশাক কারখানায় ভাংচুর ও আগুন দেওয়ার জন্য দুষ্কৃতকারীদেরই দুষলেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি শনিবার বলেছেন, "শ্রমিকরা কারখানায় আগুন দেয় না। বরং দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটিয়ে তার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দেয়।" বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক কারখানায় ভাংচুর ও আগুন দেওয়ার জন্য দুষ্কৃতকারীদেরই দুষলেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি শনিবার বলেছেন, "শ্রমিকরা কারখানায় আগুন দেয় না। বরং দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটিয়ে তার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দেয়।" বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর সাধারণ সভায় তিনি এ কথা বলেন। দুষ্কৃতকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান মন্ত্রী। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সমর্থনের কথা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, "দাবি ও অধিকার আদায়ের আন্দোলনে নিজেদের আওয়ামী লীগ-বিএনপি ভাবলে চলবে না। শ্রমিকদের অধিকার আদায়ে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।" চলমান বিশ্ব মন্দার কথা তুলে ধরে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "ন্যায্য অধিকার নিশ্চিত করতে যুদ্ধাংদেহী মনোভাব পরিহার করে বরং আলোচনার মাধ্যমেই মালিক-শ্রমিক স্বার্থ রক্ষা করতে হবে।" শিল্প কারখানায় শ্রমিক সংগঠন গড়ার অধিকারের কথা তুলে ধরে শ্রমমন্ত্রী বলেন, "ট্রেড ইউনিয়ন ছাড়া শিল্পের উন্নয়ন হয় না, উন্নয়ন ব্যাহত হয়। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।" সাংগঠনিক মত বিরোধকে কেন্দ্র করে মালিক-শ্রমিক সম্পর্কের যেন অবনতি না ঘটে, সে জন্য দুই পক্ষকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শ্রমিকদের ন্যূনতম মজুরির বাস্তবায়নের বিষয়ে মন্ত্রী বলেন, "এটি একটি চলমান প্রক্রিয়া। ন্যূনতম মজুরি কাঠামোর পুনর্গঠন প্রক্রিয়া চলছে। পরিস্থিতি স্থিতিশীল হয়ে এলে এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা হবে।" সভায় বিলস এর মহাসচিব নজরুল ইসলাম খান প্রতিবেদন পেশ করেন। মো. মজিবুর রহমান ভুঞা সভাপতিত্ব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৪৫ ঘ.