ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে ব্লক ইজারা দেওয়ার তৎপরতা বন্ধের দাবির পক্ষে জনমত গড়তে শনিবার রাজধানী থেকে রোডমার্চ শুরু করেছে তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
এই রোডমার্চ মঙ্গলবার কক্সবাজার পৌঁছবে। পথে বিভিন্ন স্থানে পথসভা-জনসভা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
রোডমার্চে বামপন্থী দলগুলোর নেতা-কর্মীরা অংশ নিচ্ছে।
দুপুর ১২টায় রাজধানীর মুক্তাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশের পর রোডমার্চের গাড়িবহর কক্সবাজারের পথে রওনা হয়।
মুক্তাঙ্গনে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "বিদেশিরা আমাদের সম্পদ লুণ্ঠন করতে চায়। এদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। রোড মার্চ এ ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে।"
তেল-গ্যাস খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ বিদেশি কোম্পানিকে দেওয়ার তৎপরতার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "অতীতের সরকারগুলোর মতো মহাজোটের সরকারও একই ধারাবাহিতায় অগ্রসর হচ্ছে। যুদ্ধাপরাধীর বিচারের মতো বিষয়টির চেয়ে তারা তাড়াহুড়া করছে কীভাবে সমুদ্রের গ্যাস ও তেল ব্লকগুলো বিদেশি কোম্পানি কাছে ইজারা দেওয়া যায়। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।"
তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "দেশের সম্পদ অন্য দেশের কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। বঙ্গোপসাগরের গ্যাস রপ্তানিমুখী পিএসসির (উৎপাদন-বণ্টন চুক্তি) মাধ্যমে বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমাদের সম্পদের ১০০ ভাগ মালিকানা আমাদের রেখে দেশের উন্নয়নে তা কাজে লাগাতে হবে।"
সমাবেশে উপস্থিত ছিলেন তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া, ক্ষমতাসীন মহাজোট সরকারের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির নেতা হায়দার আকবর খান রনো, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের নেতা টিপু বিশ্বাস প্রমুখ।
আনু মুহাম্মদ জানান, রোডমার্চটি শনির আখড়া, সোনারগাঁ, দাউদকান্দি, চান্দিনা, কুমিল্লা, ফেনী, মিরেরসরাই, সীতাকুন্ড, বাড়বকুন্ড, চট্টগ্রাম নগরী, পটিয়া, চকরিয়া হয়ে কক্সবাজার পৌঁছবে। এ সব নির্ধারিত স্থান নেতারা জনসভা ও পথসভায় বক্তব্য দেবেন।
গত এক দশকে তেল-গ্যাস রক্ষা কমিটি বেশ কয়েকটি লংমার্চ ও রোডমার্চ কর্মসূচি পালন করলেও মহাজোট সরকারের সময়ে এটাই প্রথম বড় কর্মসূচি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24