২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পদ্মা-যমুনার ভাঙনে দেড় শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন

পদ্মা ও যমুনা নদীর ভাঙনে গত এক সপ্তাহে পাবনার বেড়া, সুজানগর, ঈশ্বরদী ও সদর উপজেলার দেড় শতাধিক ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 06:10 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

পাবনা, ১০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদ্মা ও যমুনা নদীর ভাঙনে গত এক সপ্তাহে পাবনার বেড়া, সুজানগর, ঈশ্বরদী ও সদর উপজেলার দেড় শতাধিক ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব এলাকার গৃহহীন লোকজন স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে (মুজিব বাঁধ) আশ্রয় নিয়েছে। এ ছাড়া বেড়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, নগরবাড়ী ফেরিঘাট, কাজীরহাট ফেরিঘাট এবং নাজিরগঞ্জ ফেরিঘাট হুমকির মুখে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হারুন-উর রশিদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "জেলার বেড়া, সুজানগর, ঈশ্বরদী ও সদর উপজেলার নদী তীরবর্তী এলাকায় গত ২৫ জুন থেকে ভাঙন শুরু হয়। "সড়ক ও জনপথ বিভাগ নির্মিত নগরবাড়ী ফেরিঘাটে যাওয়ার পাকা সড়ক এবং ফেরিঘাটের অংশ বিশেষ যমুনায় বিলীন হয়ে গেছে। "এভাবে ভাঙন অব্যাহত থাকলে ২/১ দিনের মধ্যে বেড়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, নগরবাড়ী ফেরিঘাট, কাজীর হাট ফেরিঘাট এবং নাজিরগঞ্জ ফেরিঘাট নদী গর্ভে চলে যেতে পারে।" হারুন-উর রশিদ আরও বলেন, পদ্মার ভাঙনের কবলে পড়েছে সুজানগর উপজেলার শাখাগঞ্জ, নাজিরগঞ্জ, সাগরকান্দি, আলোকান্দি, খলিলপুর, শ্যামসুন্দরপুর, পাবনা সদরের চর আশুতোষপুর, সজিরাজপুর, ভবানীপুর, খাসচর, ধোকরাকোল এবং ঈশ্বরদীর দাদাপুর, লক্ষ্মীকুণ্ডা, হাবাসপুর ও সরদার পাড়া গ্রাম। এ ছাড়া যমুনার ভাঙনের কবলে পড়েছে বেড়া উপজেলার রঘুনাথপুর, নগরবাড়ী, খানপুরা, গনপতদিয়া, মধুপুর, মুন্সীগঞ্জ, প্রতাপপুর, সারসা, পায়না, নয়নগঞ্জ, তারুটিয়া, নাকালিয়া ও মোহনগঞ্জ গ্রাম। বেড়া, সুজানগর, ঈশ্বরদী ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তারা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, নদীভাঙন রোধে জেলা প্রশাসন চেষ্টা করছে। জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। এলাকা পরিদর্শন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি এবিএম ফজলুর রহমান জানান, পানি উন্নয়ন বোর্ড কিংবা জেলা প্রশাসন ভাঙন রোধে কোনো ব্যবস্থা এখনও নেয়নি। সুজানগরের সাতবাড়ীয়া গ্রামের আব্দুর রহিম রোকন জানান, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৫৮ ঘ.