যশোর, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরে পরিবহন শ্রমিক মিল্টন (২৫) বুধবার রাতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে মারা যান। এ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে কয়েক দফা হামলা ও ভাঙচুরের ঘটনায় বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে। ক্ষতি হয় লক্ষাধিক টাকার মালামাল।
ঘটনার সময় পুলিশ তৎপর না হওয়ায় চিকিৎসক, রোগী ও তাদের স্বজনরা ভয়ে হাসপাতাল ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
পরে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হামলার ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ বলেন, শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার শেখ আব্দুল খালেকের ছেলে মিলন্টনকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে নীলগঞ্জ সাহাপাড়ার কালভার্টের সামনে একদল সন্ত্রাসী ছুরিকাহত করে। সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। রাত ১টা ১০মিনিটে মিল্টন মারা যান।
ওসি আরও বলেন, রাত ৮টার দিকে সিটি কলেজ গেটে মিল্টনের সঙ্গে এলাকার ইসরাইল, রাব্বি ও সেতুর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় তারা মিল্টনকে হত্যার হুমকি দেয়। এ ঘটনার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
তিনি বলেন, "রাতে মিল্টনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিনা চিকিৎসায় মিল্টনের মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে কয়েক শ' যুবক হাসপাতালেরর জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, বহির্বিভাগের কয়েকটি কক্ষ ও পুরাতন পুরুষ সার্জারি ওয়ার্ডে ব্যাপক ভাংচুর করে। এ সময় তাদের হাতে কয়েকজন চিকিৎসক, নার্স ও কর্মচারী লাঞ্ছিত হন। দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
"ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সঞ্জয় কুমার বণিককে প্রধান করে এএসপি শফিউল্লাহ ও সার্জারি কনসালট্যান্ট সামছুল আরেফিনের সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।"
তবে মামলা হয়নি বলেও জানান তিনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক হাসান আল মামুন সাংবাদিকদের জানান, মিল্টনের চিকিৎসায় কোনো অবহেলা হয়নি। সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কিবরিয়া তাকে চিকিৎসা দেন। চিকিৎসাধীন অবস্থায় মিল্টন মারা যান।
হামলাকারীরা বিষয়টি বুঝতে না চেয়ে তাণ্ডব চালিয়ে লক্ষাধিক টাকার সরকারি মালামালের ক্ষয়ক্ষতি ও লুটপাট করে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, "বুধবার রাতে পুলিশের ভুমিকা ছিল রহস্যজনক।"
তবে ওসি এ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা ঠিক নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24