চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে বালিশ দেয়নি কারা কর্তৃপক্ষ।
কারাবিধি অনুযায়ী এ ধরনের বন্দির বালিশ পাওয়ার সুযোগ না থাকায় লিয়াকতকে তা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম কারাগারের এক কর্মকর্তা।
গত সোমবার অসুস্থতার কারণ দেখিয়ে লিয়াকতের আইনজীবী আবুল হাসান তাকে বালিশ দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। ওইদিনই মহানগর হাকিম ফজলুল বারী কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন।
চট্টগ্রাম কারাগারের উপ-কারাধ্যক্ষ মাহবুবুল বাশার বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারাবিধি অনুযায়ী ডিভিশন পাওয়া বন্দি ছাড়া অন্য কাউকে বালিশ দেওয়ার নিয়ম নেই। মেজর লিয়াকত ডিভিশন পাওয়া বন্দি নন। সে কারণে তিনি বালিশ পাচ্ছেন না।"
তিনি আরও বলেন, কারাগারে লিয়াকত সাধারণ বন্দিদের মত দুটি করে কম্বল পাচ্ছেন। বন্দিদের গরমকালে দুটি এবং শীতকালে তিনটি করে কম্বল দেওয়ার বিধান রয়েছে।
লিয়াকত হোসেনের আইনজীবী আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিয়াকত অসুস্থ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার কোমরের নিচে বালিশ দিয়ে শোয়া প্রয়োজন। এ কারণে তাকে বালিশ দেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলাম।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ইউরোরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ঘাটে অবৈধভাবে অস্ত্র খালাসের ঘটনায় করা মামলায় লিয়াকতকে গ্রেপ্তার করা হয়।
২৬ মে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। এ মামলায় এনএসআই'র সাবেক ও বর্তমান আরও চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে জেলহাজতে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এমএসবি/২২৩৯ ঘ.
bdnews24