২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে গুলি করে পৌনে ৪ লাখ টাকা ছিনতাই

নগরীর আদাবর এলাকায় বুধবার দুপুরে এক ব্যক্তিকে গুলি করে প্রায় পৌনে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আদাবর এলাকায় বুধবার দুপুরে এক ব্যক্তিকে গুলি করে প্রায় পৌনে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুলিবিদ্ধ একমি ল্যাবরেটরিজের প্রধান কার্যালয়ের হিসাব রক্ষণ বিভাগের কর্মকর্তা মুশতাক আহমেদকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে মুশতাক টাকা জমা দিতে ডাচ বাংলা ব্যাংকের শ্যামলী রিংরোড শাখায় গেলে এ ঘটনা ঘটে। থানার ২-৩শ' গজের মধ্যে ব্যাংকটি অবস্থিত বলে পুলিশ জানায়। হাসপাতালে চিকিৎসাধীন মুশতাক সাংবাদিকদের জানান, তিনি ধানমণ্ডির সাতমসজিদ রোডের ন্যাশনাল ব্যাংক থেকে তিন লাখ ৭৮ হাজার টাকা তুলে সিএনজিতে করে শ্যামলী রিংরোডের ডাচ বাংলা ব্যাংকে জমা দিতে যান। ব্যাংকের প্রধান ফটকে অটোরিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক এসে তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সন্ত্রাসীরা তার উরুতে গুলি করে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। মুশতাক আরো বলেন, গুলিবিদ্ধ অবস্থায়ই তিনি কল্যাণপুরে তার অফিসে যান। পরে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে, দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় শক্তি ফাউন্ডেশনের এক কর্মকর্তার মাথায় গুলি করে টাকার ব্যাগ নিয়ে গেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ অবস্থায় গোলাম ফেরদৌস (৩৫) নামে শক্তি ফাউন্ডেশনের ওই কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের সহকর্মী সাইদুল ইসলাম জানান, তারা দু'জন গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তি সংগ্রহ করে খেজুরবাগ এলাকায় পৌঁছলে কয়েকজন সন্ত্রাসী তাদের পথরোধ করে । এসময় তারা পালাতে চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি চালায়। একটি গুলি ফেরদৌসের মাথায় লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার কাছে থাকা টাকার ব্যাগটি নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ব্যাগে ৫/৬ হাজার টাকার মতো ছিল বলে সাইদুল জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এইচএ/১৮২৫ ঘ.