২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নিজের বাসায় সন্ত্রাসীর গুলিতে ঠিকাদার আহত

রাজধানীর রামপুরা এলাকায় নিজের বাসায় মঙ্গলবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন এক ঠিকাদার। পুুলিশ বলছে ঠিকাদারী কাজের রেষারেষি নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে আহতের স্বজনরা বলছেন, চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর রামপুরা এলাকায় নিজের বাসায় মঙ্গলবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন এক ঠিকাদার। পুুলিশ বলছে ঠিকাদারী কাজের রেষারেষি নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে আহতের স্বজনরা বলছেন, চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে হামলা চালায়। আহত ঠিকাদার আলী আশরাফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খিলগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা জানান, কয়েকজন সন্ত্রাসী পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের বাসায় গিয়ে ডাকলে আশরাফ জানালার কাছে যান। সন্ত্রাসীরা তখন তাকে গুলি করে পালিয়ে যায়। ওসি জানান, পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ করেননি আলী আশরাফ। তবে পুলিশ সন্ত্রাসীদের পরিচয় জানতে পেরেছে। এরা হলো স্থানীয় সন্ত্রাসী আল-আমিন, স্বপন, তপুসহ আরও কয়েকজন। ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, "এখনও কিছু নিশ্চিতভাবে বলা যায় না। তবে শোনা যাচ্ছে জনৈক সাঈদের জমিতে মাটি ভরাট করা নিয়ে কিছু লোকজনের সাথে ওই ঠিকাদারের দ্বন্দ্ব চলছিল।" আশরাফের শ্যালক আমিন বলেছেন, বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় চাঁদাবাজ আল-আমিন, স্বপন ও তপুসহ ৫/৬ জন সন্ত্রাসী বাসায় ঢুকে তাকে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। আমিন দাবি করেন কয়েকদিন ধরেই তারা একলাখ টাকা চাঁদা দাবি করছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২০৬ঘ.