২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে জামায়াতের মামলা

জামায়াত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে সাতক্ষীরা সদর থানার সাত পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম এইচ এম সামসুল আরেফিনের আদালতে মঙ্গলবার মামলাটি করেন জেলা জামায়াত সেক্রেটারি নূরুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 01:46 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

সাতক্ষীরা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামায়াত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে সাতক্ষীরা সদর থানার সাত পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম এইচ এম সামসুল আরেফিনের আদালতে মঙ্গলবার মামলাটি করেন জেলা জামায়াত সেক্রেটারি নূরুল হুদা। বিচারক মামলাটি আমলে নিয়ে সদর থানাকে সত্যতা যাচাইপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আসামিরা হলেন- সদর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান, হারুনার রশিদ, মুন্সি খালিদ ও গোলাম সরোয়ার, কনস্টেবল তপন, আব্দুল খালেক ও আফজাল হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র আব্দুল মাজেদ, বেল্লাল হোসেন, সুদর্শন, ফিলিপস, শাহাজাহান, আসাদ, আব্দুল গফুর ও আবু সাঈদ। জামায়াত নেতা অভিযোগ করেন, শনিবার (৪ জুন) গভীর রাতে পুলিশ কিছু বহিরাগত লোক নিয়ে জেলা জামায়াত কার্যালয়ের প্রধান ফটক, কলাপসিবল গেট, ভিতরের কাঠের দরজাসহ কয়েকটি স্থানে ভাঙচুর চালায়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়। ওই রাতে ছাত্রলীগ নেতা নাজমুল হাসান পলাশকে কলেজ হোস্টেলে ফেরার সময় অপহরণ করা হয়। পরে তাকে মারধর ও কুপিয়ে কলেজ হোস্টেলের সামনে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরদিন পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। একইদিন সন্ধ্যায় জেলা ছাত্রলীগ সভাপতি কাজী আক্তার হোসেন বাদী হয়ে ২০ শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। জেলা জামায়াত নেতারা সংবাদ সম্মেলনে দাবি করেন, নাজমুল হাসানের ওপর হামলার ঘটনা পর পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা দলটির কার্যালয়ে হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৩ ঘ.