২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের মূল্যায়নের সময় এখনও আসেনি: আশরাফ

বর্তমান সরকার পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে জানিয়ে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারের সাফল্য-ব্যর্থতা মূল্যায়নের সময় এখনও আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 10:24 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে জানিয়ে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারের সাফল্য-ব্যর্থতা মূল্যায়নের সময় এখনও আসেনি। মন্ত্রিসভার সব সদস্য আন্তরিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমের মূল্যায়নের বিষয়ে সৈয়দ আশরাফ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "ছয় মাসের জন্য নয়, আমরা পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করতে এসেছি। তাই এখনই আমাদের কাজের মূল্যায়ন করলে চলবে না। পাঁচ বছর দায়িত্ব পালন করি, এরপরই মূল্যায়ন করা যাবে।" সরকার পুরোপুরি ব্যর্থ বলে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ মুখপাত্র বলেন, "এটা কথার কথা। আমার মনে হয় না, তারাও এটা মনে করেন। "বিএনপি মহাসচিব একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিক। তাদের মতো আমরাও বলতে পারি, বিরোধী দল হিসেবে তারাও শতভাগ ব্যর্থ। কিন্তু আসলে তারাও ব্যর্থ নন। তারাও বিরোধী দলে থেকে দায়িত্ব পালন করেছেন।" সৈয়দ আশরাফ আশা প্রকাশ করেন, মেয়াদকালেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবেন তারা। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার আগে প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকার ছিল দুর্নীতি এবং অত্যাচার-নির্যাতনের সরকার। তাদের সময় দেশে জঙ্গি তৎপরতা শুরু হয়, বাংলা ভাইয়ের উত্থান হয়। এরপর দুই বছর ছিল একটি আধা-সামরিক সরকার। ফলে দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল। বর্তমান সরকার এ পরিস্থিতি স্বাভাবিক করেছে। দায়িত্ব নেওয়ার পর সরকারের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে আশরাফ বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই দেশে বিডিআরের ঘটনা ঘটেছে। এটি তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়েছে। দুটি কমিটির প্রতিবেদন ইতোমধ্যেই জমা হয়েছে এবং প্রকাশ করা হয়েছে। সিআইডি এখনো তদন্ত করছে। এ তদন্তের ভিত্তিতেই এ ঘটনায় মামলা ও বিচার হবে। "সরকার এ ঘটনাসহ যুদ্ধাপরাধী ও দুর্নীতির বিচারও করবে। আধুনিক ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করবে। এজন্য এবারের বাজেটে সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিফলন ঘটেছে।" সরকারের চ্যালেঞ্জগুলো কী?- প্রশ্ন করা হলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "সবই তো চ্যালেঞ্জ। সরকার যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বিচার এবং রায় কার্যকর করতে চায়। এজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিচার বিভাগকে কার্যকরভাবে স্বাধীন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যত ইস্যুই আসুক সরকার এগুলো শেষ করবেই।" মন্ত্রিসভায় নতুন সদস্য নিয়োগ অথবা কাউকে বাদ দেওয়া হচ্ছে কিনা- জানতে চাওয়া হলে আশরাফ বলেন, "এ বিষয়ে আমার সঙ্গে প্রধানমন্ত্রীর কোনও আলোচনা হয়নি। তবে সংবাদপত্রে দেখেছি কৃষিমন্ত্রী এ ধরনের মন্তব্য করেছেন। মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া বা কাউকে নিয়োগের বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি কী করবেন, তা আমার জানা নেই।" মন্ত্রিসভার বিষয়ে তিনি বলেন, "মন্ত্রীরা অনেকেই নতুন। তারা প্রতিদিনই কাজ করছেন এবং অভিজ্ঞতা সঞ্চয় করছেন। আমার মনে হয়, তারা সবাই সততার সঙ্গে কাজ করছেন।" বেকার সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের জীবন-বৃত্তান্ত জমা নেওয়ার যে খবর প্রকাশ হয়েছে, সে বিষয়ে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, "সেখানে দলীয় কারও জীবন-বৃত্তান্ত নেওয়া হচ্ছে না। বরং চাকরি পেতে ইচ্ছুক বেকারদের জীবন-বৃত্তান্ত চেয়েছেন প্রধানমন্ত্রী। যখনই চাকরির সুযোগ সৃষ্টি হবে, অগ্রাধিকার ভিত্তিতেই এদের কর্ম-সংস্থানের ব্যবস্থা করার জন্য জীবন বৃত্তান্ত নেওয়া হচ্ছে। এক্ষেত্রে দলীয় আনুগত্য নয়, যোগ্যতাকেই মূল্যায়ন করা হবে।" বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনার বিষয়ে আশরাফ বলেন, "আমরা সবসময়ই চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। এজন্য স্পিকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা (বিরোধী দল) তো সংসদের মূল কার্যক্রম সংসদীয় কমিটির সভায় যোগ দিচ্ছেন। তারা লিখিতভাবে প্রশ্নও করছেন, তার উত্তরও দেওয়া হচ্ছে। কিন্তু সংসদের মূল অধিবেশনের যোগ দিচ্ছেন না।" তিনি বলেন, "এখন তাদের ইস্যু আটকে আছে শুধু একটি আসনের মধ্যে। কিন্তু এটা জাতি কোনোভাবেই গ্রহণ করবে না। আর খালেদা জিয়ার বাসার ইস্যুটি সংসদের বাইরের, এটি নিয়ে সংসদ বর্জনের সুযোগ নেই।" সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা হয় স্থানীয় সরকারমন্ত্রীর। এর আগে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল বুশাইরি তার সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৩০ ঘ.