ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে রেকর্ড লেনদেনের পর থেকে মূল্যসূচকে দরপতন অব্যাহত রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচকে রোববার ১০৩ পয়েন্ট কমার পর সোমবার পড়েছে আরো ২০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক পতনের এ হার ৮০ পয়েন্ট।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণেই এমনটি ঘটছে।
এছাড়া এসইসির পক্ষ থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে লেনদেন তদন্ত করতে লোক পাঠানোর খবরে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও অভিমত বিশ্লেষকদের।
আনোয়ার সিকিউরিটিজের একজন কর্মকর্তা বলেন, "মার্চেন্ট ব্যাংকসহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন তদন্ত করতে লোক পাঠানোর খবরে বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করতে শুরু করেন।"
সোমবার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতকরা ৬০টি প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম কমেছে।
দিনের লেনদেন শুরু হয় সূচক পতনের মধ্য দিয়ে। এরপর দিনব্যাপী ওঠানামা চললেও শেষমেশ পতনের মধ্য দিয়েই শেষ হয় দিনের লেনদেন।
এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ইয়াওয়ের সাঈদ বলেন, "দিনের বাজারে সূচকে এ উত্থান-পতন ছিল লক্ষণীয়।"
বাজারের অস্থিতিশীলতার খবরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে অভিমত দেন তিনি।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৭৮ কোটি টাকা।
রোববারই এ অঙ্ক ছিল ৯৮৫ কোটি টাকা।
এ বাজারে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২১ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ কমে হয়েছে ২৯৪৪ দশমিক ০৫।
ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ২০ দশমিক ২৮ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ কমে হয় ২৪৬৩ দশমিক ৪৭ পয়েন্ট।
ডিএসই ব্লু-চিপ শেয়ারসূচক ৪৩ দশমিক ৭৯ বা এক দশমিক ৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪৩০ দশমিক ৪৭ পয়েন্ট।
এদিন লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম কমেছে ১২৩ টির, বেড়েছে ১০৬ টির এবং অপরিবর্তিত ছিল একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
৪৬ কোটি ৮২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে দিনের লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো। তবে এর শেয়ারের দাম ৪ দশমিক ১৮ শতাংশ কমে ২৮১ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
৪৬ কোটি ৮২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। তাদেরও শেয়ারের দাম ৩ দশমিক ৫১ শতাংশ কমে দাঁড়ায় ১৭৮ টাকা ২০ পয়সা।
লেনদেনের দিক দিয়ে শীর্ষ দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বেক্সটেক্স এর শেয়ারের দাম ৬ দশমিক ৬৩ শতাংশ কমে ৬০ টাকা ৫০ পয়সা ও তিতাস গ্যাসের দশমিক ৪৬ শতাংশ কমে ৬৫৩ টাকা ২৫ পয়সা হয়েছে।
এছাড়া কমেছে স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, সামিট পাওয়ার ও ইসলামি ব্যাংকের শেয়ারের দাম।
তবে কেনার চাপে বেড়েছে প্রাইম ফিনান্স ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারের দাম।
আইসিটি, টেক্সটাইল ও রিয়েল এস্টেট খাতের শেয়ারের দাম কমার কারণে মোটের ওপর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দরপতন ঘটেছে।
এ বাজারে সিএসসিএক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৮১ দশমিক ৫০ বা ১ দশমিক ২১ শতাংশ কমে হয়েছে ৬৬১৩ দশমিক ৮৫ পয়েন্ট। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১২৪ দশমিক ৭৫ বা ১ দশমিক ২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০২২৩ দশমিক ৯৮ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লু-চিপ শেয়ার সূচক ১৪৬ দশমিক ৪৯ পয়েন্ট বা ১ দশমিক ৭৭ শতাংশ কমে হয়েছে ৮১০১ দশমিক ৮৯পয়েন্ট।
লেনদেনকৃত শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৫৩টির কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত ছিল ৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বাণিজ্যিক রাজধানীর পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৫ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার টাকা। রোববার এ অঙ্ক ছিল ১৩৭ কোটি টাকা।
এ বাজারে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো।
এছাড়া শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেক্সটেক্স লি., এবি ব্যাংক, বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২০৫১ঘ.
bdnews24