ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধে সোমবার বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা কয়েকটি গাড়ি ভাংচুর এবং রাস্তা অবরোধ করে রাখে।
নিহত শিশুটির নাম সাব্বির হোসেন (০৬)। সে হাজারীবাগের কুলালমহল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গৌরী রানী তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে কামরাঙ্গীরচর মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে হাজারীবাগ বৌবাজার কোম্পানিঘাট এলাকায় ব্রাদার্স পরিবহনের একটি বাস সাব্বিরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি জানান, এ সময় উত্তেজিত জনতা ২-৩টি বাস ভাংচুর করে ও আধাঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চালকসহ বাসটি (ঢাকা মেট্রো- ব ১১-৩৬০৭) আটক করেছে পুলিশ।
সাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই গৌরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এজে/এমএসবি/১৬৩৭ ঘ.
bdnews24