ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ঋণখেলাপি ২ হাজার ১৯৬টি প্রতিষ্ঠানের তালিকা জাতীয় সংসদে রোববার উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এসব প্রতিষ্ঠানের কাছে মোট ঋণের পরিমাণ ১৫ হাজার ৪৫১ শ কোটি ২ লাখ টাকা জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, খেলাপি ঋণ আদায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাংসদ নূর আফরোজ আলীর এক প্রশ্নের লিখিত জবাবে মুহিত খেলাপি ঋণের তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)- এর তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দেশে ১ কোটি এবং তার চেয়ে বেশি টাকা ঋণখেলাপির সংখ্যা ২ হাজার ১৯৬ জন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৩১ মার্চ পর্যন্ত ৫৯১ কোটি ৪৪ লাখ টাকা খেলাপি ঋণ আদায় হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আলাদা টাস্কফোর্স সেলের প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধায়নে বিভিন্ন ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে তৎপরতা চলছে বলে মুহিত জানান।
তিনি জানান, খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ আদালতে দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
অর্থমন্ত্রী সংসদে ১ কোটি ও তার চেয়ে বেশি টাকা ঋণখেলাপি প্রতিষ্ঠানের একটি তালিকাও উপস্থাপন করেন।
খেলাপিদের মধ্যে বেক্সিমকো টেক্সটাইল, বেক্সিমকো নিটিং, সাইনপুকুর হোল্ডিং, পদ্মা টেক্সটাইল, বাংলাদেশ জুট মিলস করপোরেশন, বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং, স্টার সিমেন্ট ইন্ডাস্ট্রিজের নাম শীর্ষে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24