বান্দরবান, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের লামা-সরই সড়ক পাঁচদিন ধরে বন্ধ রয়েছে। বুধবার ভারী বর্ষণ ও ঢলে পাহাড় ধসে সড়কটি বন্ধ হয়ে যায়। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
লামা উপজেলা প্রকৌশলী শাহ আলম জানান, তহবিল না থকাায় সড়ক থেকে মাটি সরিয়ে যানবাহন চলাচলের উপযোগী করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সুশংকর আচার্য জানান, সড়ক থেকে মাটি সরানোর জন্য লামা উপজেলা চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে। শুক্রবার রাস্তার মাটি সরানোর কথা থাকলেও রোববার পর্যন্ত কাজ শুরু হয়নি।
লামা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল জানান, এলজিইডি থেকে তাকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু কিভাবে, কারা মাটি সরাবে এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কিছুই জানাননি।
জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মাহাবুবুর রহমান জানান, রোববার জেলা প্রশাসক লামা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সরেজমিন এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি জানিয়ে প্রতিবেদন দিতে বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩৮ ঘ.
bdnews24