২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আতশবাজির শব্দে আতঙ্ক, ২ জন আটক

শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলের রাজমনি ঈশাখা হোটেলের ছাদে অনুমতি ছাড়া বিকট শব্দে আতশবাজি ফুটিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে দু'জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন রাজমনি ঈশাখার কর্মকর্তা সুভাষ ও কাপড় ব্যাবসায়ী মো. সাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 05:03 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলের রাজমনি ঈশাখা হোটেলের ছাদে অনুমতি ছাড়া বিকট শব্দে আতশবাজি ফুটিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে দু'জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন রাজমনি ঈশাখার কর্মকর্তা সুভাষ ও কাপড় ব্যাবসায়ী মো. সাদ। রাত সাড়ে ৯টার দিকে হোটেলের ছাদে বিকট শব্দে বেশ কয়েকটি আতশবাজি বিস্ফোরিত হলে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কাকরাইল, সেগুনবাগিচা, মালিবাগ, মিন্টুরোড এলাকায় সন্ত্রাসীদের মধ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দু'টি ছাত্র সংগঠনের কর্মীদের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়ে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলি নোমান জানান, রাত সাড়ে ৯টার দিকে ইসলামপুরের কাপড় ব্যাবসায়ী সাদ তার কন্যার জন্মদিন উপলক্ষ্যে রাজমনি ঈশাখায় একটি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শেষের দিকে ১২ তলা হোটেলটির ছাদে আতশবাজি ফোটানো হয়। তখন আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে কয়েক কৌটা আতশবাজি উদ্ধার করেছে। এ ঘটনায় হোটেল ব্যাবস্থাপনা কর্মকর্তা সুভাষ ও আনুষ্ঠান আয়োজক সাদকে আটক করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩১০ ঘ.