২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'ইসলাম ও মুসলিম'র তিন নেতা কারাগারে, দুটি মামলা

'ইসলাম ও মুসলিম' নামের নতুন জঙ্গি সংগঠনের প্রধান সংগঠকসহ তিন নেতাকে শুক্রবার বিকেলে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

রাজশাহী, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'ইসলাম ও মুসলিম' নামের নতুন জঙ্গি সংগঠনের প্রধান সংগঠকসহ তিন নেতাকে শুক্রবার বিকেলে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের একটি বিশেষ দল ভোরে ঢাকা থেকে জঙ্গি সংগঠনটির প্রধান সংগঠক আব্দুর রহিম ওরফে শাহাদাত, আঞ্চলিক নেতা সাজেদুর রহমান ওরফে হানিফ ও জালাল উদ্দিন ওরফে জালালকে বাগমারা থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। পরে রাজশাহী বিচার বিভাগীয় আদালতে হাজির করে উভয় মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে রাখার অনুমতি চায় পুলিশ। আদালত রোববার এ বিষয়ে শুনানির দিন ধার্য করে। গত ২৮, ২৯ ও ৩০ জুন স্থানীয় পুলিশের সহায়তায় গাজীপুরের জয়দেবপুর এবং রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ভারতে তৈরী একটি ওয়ান শ্যুটার গান, পাঁচ রাউন্ড রাইফেলের গুলি এবং কয়েকটি ইসলামী বই উদ্ধার করা করা হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে এসবি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তারকৃতদের গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়। গ্রেপ্তারকৃত অপর জঙ্গি হলেন- ৩১ বছরের সাজা পাওয়া জেএমবির এহসার সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে মন্টু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) থেকে বেরিয়ে এসে নতুন এ সংগঠনটি গড়ে তুলেছেন বলে তারা পুলিশকে জানিয়েছেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, অস্ত্র আইনের ১৯ (ক) এবং ২০০৮ সালের সন্ত্রাস দমন আইনের ৮, ৯ ও ১০ ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা দু'টি করা হয়েছে। ওসি আরও জানান, শাহাদতের বিরুদ্ধে বাগমারা থানায় করা একটি হত্যা মামলার অভিযোগপত্র ইতোমধ্যে দেওয়া হয়েছে। শাহাদাতের নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় হত্যা এবং ডাকাতিসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.