ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- বিভাগীয় শহরগুলোতে বড় স্কেলের তথ্য সমৃদ্ধ 'ডিজিটাল টপোগ্রাফিক ম্যাপ' তৈরি করা হচ্ছে। এজন্য প্রকল্পও অনুমোদন হয়েছে।
'ইমপ্র"ভমেন্ট অব ডিজিটাল ম্যাপিং সিস্টেম অব সার্ভে অব বাংলাদেশ' নামের এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৮১ কোটি ৪৩ লাখ টাকা।
বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব হাবিবুল্লাহ মজুমদার এ তথ্য জানান।
প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমে যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও এর ফলপ্রসূ বাস্তবায়নে সঠিক ও বিস্তারিত তথ্য সম্বলিত টপোগ্রাফিক ম্যাপ ও ডিজিটাল ডাটা তৈরি ও সরবরাহ করা এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
প্রকল্পটি ২০০৭ সালের শেষের দিকে একনেক বৈঠকে অনুমোদন পেলেও সে সময় কাজ পুরোদমে শুরু করা যায়নি। এতে মোট ব্যয় ধরা হয় ১১৪ কোটি ৭৬ লাখ টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের জুলাই মাসে।
সংশোধিত প্রকল্পের কাজ শেষ করার মেয়াদ ধরা হয়েছে ২০১৬ সালের জুলাই মাস।
বাংলাদেশ জরিপ অধিদপ্তর এটি বাস্তবায়ন করবে।
কার্যপত্রে বলা হয়, প্রকল্পের আওতায় পাঁচ বিভাগীয় শহরে ১:৫০০০ স্কেলের ১৬০টি ডিজিটাল টপোগ্রাফিক ম্যাপ প্রণয়ন ও ১৬০টি ম্যাপ শীটের ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন করা হবে।
ইতোমধ্যে ঢাকা বিভাগের জন্য ১ : ৫০০০ স্কেলের ডিজিটাল টপোগ্রাফিক ম্যাপ এবং ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন করা হয়েছে।
আরও চার প্রকল্প অনুমোদন
একনেক সভায় আরও চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো হচ্ছে ১৮৮ কোটি টাকা ব্যয়ে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্র"ভমেন্ট প্রকল্প, ১৩৪ কোটি টাকার বরিশাল সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ এবং যানবাহন ও যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প, ৮৫ কোটি টাকার দিনাজপুর জেলা কারাগার পুনর্নির্মাণ প্রকল্প ও ৪৬ কোটি টাকা ব্যয়ে ৫টি উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্প।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এআরএইচ/এএল/এসকে/২১২১ঘ.
bdnews24