২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশরীরে হাজিরা দিতে হবে না এমাজউদ্দীনকে

আদালত অবমাননার অভিযোগের শুনানিতে অধ্যাপক এমাজউদ্দীন আহমদকে ব্যক্তিগতভাবে সশরীরে হাজিরা দিতে হবে না। আইনজীবীর মাধ্যমে দিলেই চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 09:55 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগের শুনানিতে অধ্যাপক এমাজউদ্দীন আহমদকে ব্যক্তিগতভাবে সশরীরে হাজিরা দিতে হবে না। আইনজীবীর মাধ্যমে দিলেই চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় নিয়ে দেওয়া প্রতিক্রিয়ায় এমাজউদ্দীন আদালত অবমাননা করেছেন- এ দাবি করে গত ২৪ জুন হাইকোর্টে অভিযোগ করেন ওই মামলার বাদি মুক্তিযোদ্ধা এমএ সালাম। ওই দিন আদালত এমাজউদ্দীনকে ২ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানাতে তাকে নির্দেশ দেয় হাইকোর্ট। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে এমাজউদ্দীনের পক্ষে বৃহস্পতিবার আদালতে আবেদন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। একইসঙ্গে এমাজউদ্দীনের পক্ষ থেকে তার 'আদালত অবমাননাকর বক্তব্যের' জবাব দাখিল করেন মওদুদ। জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে গত ২১ জুন হাইকোর্ট রায় দেয়। এই রায়ের প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে অধ্যাপক এমাজউদ্দীন 'হাইকোর্ট কুৎসা রটিয়েছে' মন্তব্য করেছেন অভিযোগ এনে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৬০০ ঘ.