ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্লাস্টিক পণ্য রপ্তানি করে প্রতি বছর ২ হাজার কোটি টাকার বেশি আয় করছে বাংলাদেশ।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলা উপলক্ষে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়। আগামী ২৫ থেকে ২৮ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ষষ্ঠ আন্তর্জাতিক প্লাস্টিক মেলা অনুষ্ঠিত হবে।
সমিতির সভাপতি ফেরদৌস ওয়াহেদ মেলার ঘোষণা দিয়ে বলেন, এবারের মেলায় ৩৫০টির মতো স্টল থাকবে। এর মধ্যে ২০০টি বিদেশি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ থাকবে।
মেলায় চীন, ভারত, পাকিস্তান, তাইওয়ান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়ে তিনি বলেন, তবে বিদেশি প্রতিষ্ঠানগুলো তৈরি পণ্য নয়, শুধু পণ্য তৈরির কাঁচামালই মেলায় প্রদর্শন করতে পারবে।
মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. জসিম উদ্দিন জানান, বাংলাদেশে প্লাস্টিক পণ্যের বার্ষিক লেনদেন (টার্নওভার) ৫ থেকে ৬ হাজার কোটি টাকা। বছরে এর প্রবৃদ্ধির হার ২০ শতাংশ।
তিনি বলেন, "প্রায় ৬০০ কোটি টাকার তৈরী প্লাস্টিক পণ্য প্রতিবছর রপ্তানি হয়। এছাড়া আরও দেড় হাজার কোটি টাকার ব্যাকওয়ার্ড লিংকেজ পণ্য রপ্তানি হচ্ছে।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদেশি প্রতিষ্ঠানের জন্য প্রতিটি স্টলের ভাড়া হবে ২ হাজার ডলার। প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সদস্যদের জন্য ৩০ হাজার টাকা এবং সমিতির বাইরের বাংলাদেশের প্রতিষ্ঠানের জন্য প্রতিটি স্টলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার টাকা।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি এবং তাইওয়ানের অনুষ্ঠান আয়োজক সংস্থা শান শাও ইন্টারন্যাশনাল যৌথভাবে এ মেলা আয়োজন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫৪০ ঘ.
bdnews24