২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিন সহিংসতার পর স্বাভাবিক আশুলিয়া শিল্প এলাকা

টানা তিনদিনের শ্রমিক অসন্তোষের পর বুধবার আশুলিয়া এলাকায় তৈরি পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কর্মকাণ্ড ফিরে এসেছে। সকালে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 07:33 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা তিনদিনের শ্রমিক অসন্তোষের পর বুধবার আশুলিয়া এলাকায় তৈরি পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কর্মকাণ্ড ফিরে এসেছে। সকালে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেয়। নতুন করে বিশৃঙ্খলার আশঙ্কায় ওই এলাকায় পুলিশ ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। তবে অনিশ্চয়তায় রয়েছে হা-মীম গ্র"পের ১৮ শ' শ্রমিক এবং কর্মকর্তা-কর্মচারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, বুধবার সকালে সাভারের আশুলিয়া, জিরাব, নরসিংহপুর, জামগড়া, বেরন ও ঘোষবাগসহ বিভিন্ন স্থানে প্রায় এক হাজার শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। সব কারখানার শ্রমিকরা নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে যোগ দেয়। গত শনিবার জামগড়া এলাকার এস সুহি ইন্ডাষ্ট্রিয়াল পার্ক লিমিটেডে আনসার সদস্যদের গুলিতে আল-আমিন নামের এক শ্রমিক নিহত হন। বুধবার সকালে নিহত আল-আমিন স্মরণে মিলাদ মাহফিল শেষে এস সুহি ইন্ডাষ্ট্রিয়াল পার্কে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। শ্রমিক অসন্তোষ আবারও মাথাচারা দিয়ে উঠতে পারে এমন আশঙ্কায় আশুলিয়া এলাকায় পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২ হাজার সদস্য মোতায়েন রাখা হয়েছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও নবীনগর-কালিয়াকৈর সড়কে র‌্যাবের কয়েকটি ভ্রাম্যমান দল টহল দিচ্ছে। শ্রমিক অসন্তোষ সৃষ্টির অভিযোগে মোকসেদ ও রফিক নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার গভীর রাতে দু'জনকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাদের আদালতে তোলা হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। তবে এই দু'জন শ্রমিক বহিরাগত কিনা সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি মনোয়ার হোসেন। শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। গত তিন দিন শ্রমিক অসন্তোষ চলার সময় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সুমন ভূইয়ার নেতৃত্বে বহিরাগতরা পুলিশের সামনেই লাঠিসোটা নিয়ে সড়কে মিছিল ও শ্রমিকদের ওপর হামলা চালায়। এ ঘটনা তদন্ত করে দেখছে একাধিক গোয়েন্দা সংস্থা। হা-মীম গ্র"পের মহা-ব্যবস্থাপক (জিএম) বোরহানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানায় আগুন লাগানোর সঙ্গে জড়িত কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তবে হা-মীম গ্র"প কর্তৃপক্ষ কাউকে আপাতত সন্দেহও করছে না। বোরহানুল হক বলেন, সরকারিভাবে এ ঘটনার তদন্ত হচ্ছে। তবে কারখানায় আগুন লাগানোর সঙ্গে কয়েকটি শ্রমিক সংগঠনেরও উস্কানি রয়েছে। তিনি জানান, হা-মীম গ্র"পে ৩৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছে। এর মধ্যে সোয়েটার কারখানা আগুনে পুড়ে যাওয়ায় ১৮শ' শ্রমিক ও কর্মকর্তা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ভস্মিভূত কারখানাটি ভেঙ্গে নতুন করে আবার তৈরি করতে হবে। গত তিন দিনের সহিংসতায় পুলিশের গুলিতে দুই শ্রমিক নিহত এবং ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাক চাপা পড়ে অপর এক শ্রমিক নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/০১৪০ ঘ.